ভালো ঘুমের জন্য ঘরের আলো নেভানোর সঠিক সময়
সন্ধ্যার পরে ঘরের পরিবেশ দিনের মতো উজ্জ্বল থাকলে পরে ঘুম আসতেও দেরি হয়।
কেউ রাত ১২টার পর ঘুমাতে যান, আবার কেউ সকালে ব্যায়ামের জন্য রাত ৮টার মধ্যেই বিছানায় চলে যান- ঘুমাতে যাওয়ার সময়ের ওপরই অনেকখানি নির্ভর করে ঘুমের গুণগত মান।
খুব তাড়াতাড়ি বিছানায় গেলে যেমন ঘণ্টার পর ঘণ্টা ছাদের দিকে তাকিয়ে থাকতে হয়, তেমনি অতিরিক্ত রাত জাগলে পরদিন কাজ করা কঠিন হয়ে পড়ে।
ঘুম বিশেষজ্ঞদের মতে, উজ্জ্বল আলো এবং রাতে মোবাইল স্ক্রলিং ঘুমের বড় শত্রু। তাই গভীর ও নিরবচ্ছিন্ন ঘুমের জন্য কখন ঘরের আলো নেভানো উচিত, তা জানা জরুরি।
জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘রিয়েল সিম্পল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন ক্লিনিকাল হেলথ সাইকোলজিস্ট, বিহেভিয়ারাল স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ এবং ‘ম্যাট্রেস ফার্ম’-এর ঘুম উপদেষ্টা ড. ড্যানিয়েলা মার্কেটি আলো নেভানোর সঠিক সময় ও ঘুমের বিজ্ঞান তুলে ধরেছেন।
ঘুমানোর আদর্শ সময় কোনটি?
ড. ড্যানিয়েলা মার্কেটি বলেন, সবার জন্য ঘুমাতে যাওয়ার কোনও নির্দিষ্ট বা জাদুকরী সময় নেই। একজন মানুষ কখন ঘুম থেকে ওঠেন, তার শরীরের প্রাকৃতিক জৈবিক ঘড়ি এবং সারাদিনের কাজের পর শরীরের ঘুমের চাহিদার ওপর ভিত্তি করে প্রত্যেকের ঘুমানোর সময় আলাদা হয়।”
অধিকাংশই সকালে ওঠার সময় থেকে ৮ ঘণ্টা পেছনে হিসাব করে বিছানায় যান, যা প্রায়ই কাজ করে না।
তার মতে, “ক্লান্তি ও ঘুমের মধ্যে পার্থক্য বুঝতে হবে। ক্লান্তি মানে শরীরের বিশ্রাম প্রয়োজন, আর প্রকৃত ঘুম হল- চোখের পাতা ভারী হয়ে আসা, মাথা ঝিমঝিম করা বা বইয়ের লাইনে মনোযোগ ধরে রাখতে না পারা
ঠিক যখন এই প্রকৃত তন্দ্রাভাব আসে, সেটিই ঘরের আলো নিভিয়ে ঘুমাতে যাওয়ার আদর্শ সময়।”
ঘুমানোর ৩ ঘণ্টা আগে থেকেই আলো কমাতে হবে
ড. মার্কেটি ব্যাখ্যা করেন, “অন্ধকার নামলেই মস্তিস্কে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ নিঃসৃত হতে শুরু করে। এজন্য ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে থেকে ঘরকে রাতের পরিবেশে নিয়ে আসা উচিত।”
এই তিন ঘণ্টা আগে থেকেই ঘরের উজ্জ্বল আলো কমিয়ে মৃদু আলো জ্বালানো, রাতের খাবার শেষ করে রান্নাঘর বন্ধ করা, ভারী ব্যায়াম এড়িয়ে চলা এবং মোবাইল বা টিভির স্ক্রিন দেখা কমিয়ে দেওয়া উচিত।
এতে শরীর দিনের ব্যস্ততা থেকে রাতের বিশ্রামের জন্য ধীরে ধীরে প্রস্তুত হতে পারে।
সঠিক সময়ে ঘুমালে ঘুমের মান যেভাবে বাড়ে
ড. মার্কেটির মতে, “জোর করে কখনও ঘুম আনা যায় না। ঘুম আসার আগেই বিছানায় গেলে বা ঘুমের সময় পার হয়ে গেলে রাতে বারবার ঘুম ভেঙে যাওয়া ও খণ্ডিত ঘুমের সমস্যা দেখা দেয়।”
গভীর ঘুমের জন্য শরীরের নিয়মানুবর্তিতা বেশি প্রয়োজন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা এবং খাবার, ব্যায়াম ও আলোর সংস্পর্শের রুটিন ঠিক রাখলে শরীর নিজে থেকেই বুঝে নেয় কখন তাকে জেগে থাকতে হবে আর কখন ঘুমাতে হবে।
