১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঘুম ভেঙে অসাড়তা কাটাতে ২০ মিনিট সকালের আলো

ঘুম থেকে উঠে সূর্যের আলো গায়ে লাগাতে পারলে কাটবে সকালের অলসতা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 06:25 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

সকালে ঘুম থেকে ওঠা অনেক সময়েই কঠিন হয়ে যায়। বারবার ঘুমিয়ে পড়া, উঠেও ক্লান্ত লাগা- এসব যেন প্রতিদিনেরই অংশ হয়ে গেছে।

তবে জাপানের ‘ওসাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি’র ‘গ্রাজুয়েট স্কুল অফ হিউম্যান লাইফ অ্যান্ড ইকোলজি’র ‘লিভিং এনভায়রনমেন্ট ডিজাইন’ বিভাগের করা গবেষণা বলছে, খুব সহজ একটি অভ্যাস হল ঘুম ভাঙার পরে মাত্র ২০ মিনিট প্রাকৃতিক আলো পাওয়া পুরো দিনের শক্তি, মনোযোগ ও মেজাজ বদলে দিতে পারে।

রোজার সময় সেহেরিতে ওঠার পরেও এই অভ্যাস বিশেষভাবে উপকারী হতে পারে।

সকালের আলো আর ঘুম ভাঙার সম্পর্ক

ঘুম থেকে ওঠার পরে প্রায় ২০ মিনিট প্রাকৃতিক আলো পেলে তুলনামূলক কম ক্লান্তি অনুভব হয়। অন্যদিকে কোনো আলো না পেলে সকালের দিকে ঝিমুনি বেশি আসে।

ঘুম ভাঙার পরেই আলো লাগলে তা শরীরে সংকেত পাঠায় যে এখন জেগে ওঠার সময়। এতে ঘুমের গভীরতা ধীরে ধীরে কমে এবং শরীর প্রস্তুত হয়।

“রোজার সময় সেহেরিতে ওঠার পরে ২০ মিনিটের আলো বিশেষ উপকারী, কারণ গভীর ঘুম থেকে হঠাৎ উঠে ক্লান্ত বোধ হতে পারে” বলেন হেল্থ এইড হাসপাতালের মেডিকেল অফিসার আফিফ বাসার।

শরীরের ভেতরের ঘড়ি যেভাবে কাজ করে

প্রাকৃতিক সময়সূচি রয়েছে, যাকে সার্কাডিয়ান রিদম বলা হয়। এটি ঠিক করে কখন ঘুমাবো, কখন জাগবো, কখন শরীর সক্রিয় থাকবে। এই রিদম নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখে আলো।

আলো চোখের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে শরীরের প্রধান নিয়ন্ত্রক কেন্দ্রকে সক্রিয় করে। ফলে শরীর বুঝতে পারে এখন দিন শুরু হয়েছে।

এছাড়া প্রাকৃতিক আলো সবচেয়ে শক্তিশালী সংকেত- যা শরীরের হরমোন, মেজাজ ও আচরণকে সঠিক ছন্দে রাখে। এই ছন্দ ঠিক থাকলে ঘুম ভালো হয়, শক্তি বাড়ে এবং মনও প্রফুল্ল থাকে।

যে কারণে ২০ মিনিটই যথেষ্ট

প্রশ্ন হতে পারে— এর বেশি আলো পেলে কি আরও ভালো? ‘রাইট’ সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা বলছে, ‘না’।

কারণ ভোরের আলো সময় ও ঋতুভেদে পরিবর্তিত হয়।

কখনও খুব ভোরে আলো আসে, যা তখনো গভীর ঘুমের সময়।

তাই ঘুম ভাঙার প্রায় ২০ মিনিট পরে আলো পাওয়া সবচেয়ে কার্যকর। এতে শরীর ধীরে ধীরে প্রস্তুত হয়, তবে ঘুমের ক্ষতি হয় না।

রোজার সময় সেহেরির পরে এই সময়টি মিলিয়ে নেওয়া গেলে খুব সহজেই এই অভ্যাস গড়ে তোলা সম্ভব।

রোজায় সেহেরির পর ওঠা সহজ করতে আলো ব্যবহার

রোজার সময় সেহেরিতে উঠতে কষ্ট হয়, আবার সেহেরি করে পরে উঠলেও শরীর ঝিমঝিম করে। এই সমস্যার সহজ সমাধান হতে পারে সকালের আলো।

সেহেরি করে ঘুমানোর আগে পর্দা এমনভাবে রাখা যেতে পারে যাতে ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢোকে। অথবা এমন ব্যবস্থা করা যায় যাতে নির্দিষ্ট সময়ের আগে ঘরে আলো প্রবেশ করে।

ফলে সেহেরির পরে উঠে মাথা ভার লাগা বা বিরক্তি কমে যায় বরং সতেজভাবে দিন শুরু করা যায়, যা রোজার পুরো দিনটিকে সহজ করে তোলে বলে মত দেন এই চিকিৎসক।

আরও পড়ুন

মাঝ রাতের পরে ঘুম ভেঙে গেলে, কী করবেন ঘুম না এলে!

সেহেরিতে সঠিক সময়ে ঘুম ভাঙার পন্থা

খিদা পেটে ঘুম ভাঙার মানে কী!