ঘরের গাছের যত্নে অজানা ভুল
একেক গাছের জন্য একেক রকম যত্নের প্রয়োজন হয়।
ঘরের এক কোণে সবুজ গাছ, জানালার পাশে পাতাবাহার বা টেবিলের ওপর ছোট্ট ফুলের টব, অন্দরসজ্জায় গাছের আবেদন আলাদা।
আবার ঘরের পরিবেশে সজীবতা আনার পাশাপাশি গাছের বেড়ে ওঠা দেখার মধ্যেও রয়েছে এক ধরনের আনন্দ।
তবে শখের গাছ কিনে আনার পরে পাতা হলুদ হওয়া, গাছ বাড়ছে না, এমনকি কিছুদিনের মধ্যেই শুকিয়ে গেলে এর পেছনে সব সময় রোগবালাই দায়ী নয়। বরং গাছের পরিচর্যায় অজানা ভুলই ধীরে ধীরে ক্ষতির কারণ হয়ে উঠতে পারে।
তাই আলো, পানি, মাটি, সার বা টব প্রতিটি বিষয়ে আলাদা নজরদারির প্রয়োজন পড়ে।
গাছ কেনার আগে তার প্রয়োজন বোঝা
“নার্সারিতে সুন্দর কোনও গাছ দেখেই কিনে ফেলতে ইচ্ছা হতে পারে। তবে গাছটি ঘরের পরিবেশে বাঁচবে কি-না, তা আগে ভেবে দেখা জরুরি”, বলেন গাছপ্রেমী নাসরিন আমিন।
তার মতে, সব গাছের আলো, তাপমাত্রা ও আর্দ্রতার চাহিদা এক নয়। কোনও গাছ সরাসরি রোদ পছন্দ করে, আবার কোনোটি উজ্জ্বল কিন্তু পরোক্ষ আলোতে ভালো থাকে।
ঘরে পর্যাপ্ত আলো না থাকলে বেশি রোদ প্রয়োজন এমন গাছ দীর্ঘদিন সুস্থ রাখা কঠিন।
ধানমন্ডি এলাকার নার্সারি ব্যবসায়ী নাসির মোক্তার জানান, গাছ কেনার আগে সেটি ঘরের পরিবেশে টিকে থাকতে পারবে কি না, তা ভেবে নেওয়া জরুরি।
তিনি বলেন, “কারণ সব গাছের আলো-বাতাসের চাহিদা এক নয়। কিছু গাছের জন্য দিনের বেশিরভাগ সময় উজ্জ্বল, তবে সরাসরি নয়— এমন আলো প্রয়োজন হয়। ঘরে পর্যাপ্ত আলো না থাকলে এসব গাছ ঠিকমতো বেড়ে উঠবে না।”
অনিয়মিত পরিচর্যা গাছের জন্য ক্ষতিকর
গাছে কয়েক দিন পানি দেওয়া হল না, আবার একদিনে অনেক পানি ঢেলে দেওয়া হল- এভাবে পরিচর্যা করলে গাছের স্বাভাবিক বৃদ্ধি থেমে যায় ও বাধা পায়।
দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকলে বা কাজের ব্যস্ততায় গাছের দিকে খেয়াল রাখতে না পারলে গাছ বাছাইয়ের সময় বিষয়টি বিবেচনা করা উচিত।
প্রতিটি গাছের পানির চাহিদা আলাদা। কোনও গাছের মাটি দ্রুত শুকিয়ে যায়, আবার কোনও গাছের মাটি দীর্ঘ সময় আর্দ্র থাকে। তাই সব গাছে একই নিয়মে পানি দেওয়া ঠিক নয়।
“গাছের ধরন অনুযায়ী পানি দেওয়ার সময় ও পরিমাণ ঠিক করতে হবে। মাটির ওপরের অংশ শুকিয়েছে কি না, পাতার অবস্থা কেমন- এসব দিকে নজর দিয়েও পানির প্রয়োজন বোঝা যায়”, বলেন এই নার্সারি ব্যবসায়ী।
সার না দিলেও সমস্যা, বেশি দিলেও বিপদ
গাছকে সুস্থ রাখতে শুধু পানি দিলেই হয় না, প্রয়োজনীয় পুষ্টিও নিশ্চিত করতে হয়। টবের মাটিতে থাকা পুষ্টি উপাদান একসময় কমে আসে। তখন উপযুক্ত সার গাছের বৃদ্ধি ও পাতার সতেজতা ধরে রাখতে সহায়তা করে।
তবে নিয়মিত সার দিতে ভুলে যাওয়া বা দ্রুত গাছ বড় করার আশায় প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার দুটিই ক্ষতিকর হতে পারে।
এই গাছ ব্যবসায়ীর পরামর্শ, “গাছের ধরন অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সার দিতে হবে। কয়েক মাস পরপর সার দেওয়ার প্রয়োজন হতে পারে, তবে সব গাছের নিয়ম এক নয়। শীতকালে অনেক গাছের বৃদ্ধি ধীর হয়ে যায় বা তারা প্রায় বন্ধ অবস্থায় থাকে। এ সময় সার দেওয়ার প্রয়োজন কমে যেতে পারে।”
ঘরে আলো প্রবেশের দিক খেয়াল
একই ঘরের একেক জায়গায় আলোর পরিমাণ ও তীব্রতা ভিন্ন হতে পারে। জানালার পাশে রাখা গাছ যতটা আলো পায়, ঘরের ভেতরের কোণে রাখা গাছ ততটা নাও পেতে পারে।
আবার কোনও জানালা দিয়ে দুপুরের কড়া রোদ ঢুকলে সেখানে রাখা কোমল পাতার গাছ পুড়ে যেতে পারে।
গাছপ্রেমী নাসরিন আমিন বলেন, “ঘরের কোন দিক থেকে কখন সূর্যের আলো আসে, তা বুঝে গাছের জায়গা নির্ধারণ করা প্রয়োজন।”
পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিকের আলো এবং পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকের আলোর তীব্রতায় পার্থক্য থাকতে পারে।
তাই গাছের পাতায় আলো পড়ার সময়, পরিমাণ ও ধরন পর্যবেক্ষণ করে তার অবস্থান ঠিক করা উচিত। প্রয়োজন হলে গাছকে জানালার কাছ থেকে কিছুটা দূরে সরিয়ে রাখতে হবে।
সময়মতো টব ও মাটি বদলানো
গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শিকড়ও বাড়তে থাকে। ছোট টবে দীর্ঘদিন রাখলে শিকড়ের ছড়িয়ে পড়ার জায়গা কমে যায়। এছাড়া পুরানো মাটির গুণাগুণ সময়ের সঙ্গে কমে যায়।
গাছের শিকড় টবের নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে আসা, পানি দেওয়ার পর খুব দ্রুত যাওয়া বা গাছের বৃদ্ধি থেমে গেছে কি না— এসব লক্ষ করা জরুরি।
তাই প্রয়োজন বুঝে কিছুটা বড় টবে নতুন মাটিতে গাছ বসানো যায়। তবে খুব বড় টব বেছে নেওয়াও ঠিক নয় এতে মাটি দীর্ঘ সময় ভেজা থেকে শিকড় পচে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।
পাতার ধুলো পরিষ্কার করতে ভুল না
গাছের পাতায় ধুলো জমলে শুধু দেখতে খারাপ লাগে না, পাতায় আলো পৌঁছাতেও বাধা সৃষ্টি হয়। ফলে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তাই পাতার ওপর ধুলোর আস্তরণ জমতে দেওয়া উচিত নয়।
নরম, পরিষ্কার ও সামান্য ভেজা কাপড় দিয়ে পাতার ওপরের অংশ আলতো করে মুছে দিতে হবে। তবে ছোট বা কোমল পাতার ক্ষেত্রে বেশি চাপ প্রয়োগ করবেন না।
শীতাতপযন্ত্রের পাশে নয়
শীতাতপযন্ত্র বা এসির সরাসরি ঠান্ডা বাতাসের খুব কাছে গাছ রাখা ঠিক নয়। হঠাৎ তাপমাত্রার পরিবর্তন গাছের জন্য চাপ তৈরি করতে পারে।
এতে পাতা শুকিয়ে যাওয়া, ঝরে পড়া বা বৃদ্ধির গতি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।
পানি বের হওয়ার ব্যবস্থা থাকা চাই
টবের নিচে পানি বের হওয়ার ছিদ্র না থাকলে অতিরিক্ত পানি জমে থাকতে পারে। এতে শিকড় দীর্ঘ সময় পানিতে ডুবে থেকে পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
তাই গাছ লাগানোর জন্য এমন টব বেছে নেওয়া ভালো, যার নিচে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে। শুধু টবের তলায় পাথর বিছিয়ে দিলেই সমস্যার সমাধান হয় না। বরং উপযুক্ত ছিদ্রযুক্ত টব ব্যবহার এবং গাছের প্রয়োজন অনুযায়ী পানি দেওয়াই বেশি কার্যকর।
ঋতু বদলের সঙ্গে পরিচর্যা বদলানো
গাছের প্রয়োজন সারা বছর এক থাকে না। বর্ষা, গ্রীষ্ম ও শীত— প্রতিটি ঋতুতেই আলো, তাপমাত্রা ও মাটির আর্দ্রতা বদলে যায়।
শীতকালে অনেক গাছের বৃদ্ধি ধীর হয়ে আসে। তখন আগের মতো ঘন ঘন পানি বা সার দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। অন্যদিকে গরমের দিনে মাটি দ্রুত শুকিয়ে যেতে পারে।
“তাই আবহাওয়া বুঝে যত্ন নেওয়ার পদ্ধতি বদলানোর প্রয়োজন হয়। আর এসব বিষয় খেয়াল রাখলে ঘরের গাছ টেকে বহু দিন”, মন্তব্য করেন নাসির মোক্তার।
