ব্রাজিলের শিক্ষার্থীরা পানির ফিল্টার বানাল মাছের পোড়া হাড় দিয়ে
শিক্ষার্থীরা মাছের পোড়া হাড় গুঁড়ো করে পাউডারে পরিণত করেছে, যা ভারী ধাতু ও অন্যান্য দূষক পদার্থ শোষণ করতে পারে।
অ্যামাজনের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য স্থানীয় এক সমাধান বের করেছেন ব্রাজিলের একদল হাইস্কুল শিক্ষার্থী ও তাদের শিক্ষক।
তারা এই অঞ্চলের বড় আকারের পিরারুকু মাছের হাড় পুড়িয়ে তৈরি চারকোল বা কাঠকয়লার ফিল্টার তৈরি করেছেন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এই প্রক্রিয়ায় মাছের পুরু মেরুদণ্ডের হাড়, যা ২ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে তা ৯০০ ডিগ্রি সেলসিয়াস বা ১ হাজার ৬৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় উত্তপ্ত করা হয়।
এরপর এসব পোড়া হাড় গুঁড়ো করে পাউডারে পরিণত করেছে শিক্ষার্থীরা, যা ভারী ধাতু ও অন্যান্য দূষক পদার্থ শোষণ করতে পারে।
মানাউস থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে সলিমোয়েস নদীর তীরবর্তী শহর মানাকাপুরুর ‘জোসে মোতা স্কুল’-এর জীববিজ্ঞানের শিক্ষক গ্যালিলিউ দা সিলভা পিরেস বলেছেন, “এটা কার্বনের এমন এক টেকসই ও পরিবেশবান্ধব রূপ, যার জন্য গাছ কাটার প্রয়োজন নেই। এর মানে, এ নতুন সম্পদ দিয়ে আমরা খাবার পানি তৈরি করতে পারি।”
অ্যামাজন অঞ্চলের নদীর তীরে বসবাসকারী জনগোষ্ঠীগুলোকে প্রায়ই খরা মৌসুমে অনিরাপদ খাবার পানি পান করতে হয়। এ সময় বৃষ্টির পানি পাওয়া যায় না ও নদীতে পানির স্তর কমে যাওয়ায় দূষক পদার্থের ঘনত্ব বেড়ে যায়।
খরার পর অ্যামাজন নদীর উজানের অংশ সলিমোয়েস নদীতে বর্তমানে পানির স্তর নিচে নেমে এসেছে।
দা সিলভা পিরেস বলেছেন, এই প্রকল্পে তার শিক্ষার্থীদের কাজ অন্যান্য এলাকার জনগোষ্ঠীর ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে।
“এ থেকেই বোঝা যায় এই শিশু-কিশোরদের কতটা সম্ভাবনা রয়েছে। কয়েক দশক ধরে চলে আসা এক সমস্যাকে সামনে নিয়ে প্রাকৃতিক সম্পদের মাধ্যমেও সমাধান বের করা যায়।”
কাঠের জন্য গাছ কাটার আশ্রয় না নিয়ে পানি ফিল্টার করার উপায় হিসেবে পোড়া মাছের হাড়ের ব্যবহার আগেও স্বীকৃত ছিল।
তবে পিরারুকু মাছের হাড়ের ব্যবহার অ্যামাজন অঞ্চলের আরেকটি পরিবেশগত সমস্যা কমাতেও সাহায্য করতে পারে। তা হচ্ছে, মাছ খাওয়ার পর দেহে মাছের বর্জ্য জমে যাওয়ার সমস্যা।
১৮ বছর বয়সি শিক্ষার্থী আনা ফ্লাভিয়া কোস্তা লোপেস বলেছেন, “আরও উন্নত মানের পানি, ফিল্টার করা পানি পেয়ে ও মূল্যবান কিছু তৈরি করতে পেরে আমরা দারুণ অনুভব করছি।”
