শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তির পরামর্শ দিলেন রুশ কূটনীতিক
উচ্চশিক্ষা ও বৃত্তির বিষয়ে তথ্য ও পরামর্শ দিয়েছেন ঢাকার রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা এ ক্যালিভেনিও।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয় এবং রোটারি ক্লাব অব শ্রীমঙ্গল পরিদর্শন করে শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তির বিষয়ে তথ্য ও পরামর্শ দিয়েছেন ঢাকাস্থ রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আলেকজান্দ্রা এ ক্যালিভেনিও।
পরিদর্শনকালে তিনি রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া এবং সরকারি বৃত্তি সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন এবং এসব সুযোগ গ্রহণের আহ্বান জানান।
আলেকজান্দ্রা এ ক্যালিভেনিও বলেন, ঢাকায় রাশিয়ান হাউস রাশিয়া সরকারের সহযোগিতায় পরিচালিত একটি সাংস্কৃতিক ও শিক্ষাকেন্দ্র, যা বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করে।
১৯৭৪ সালে ‘সোভিয়েত কালচারাল সেন্টার’ হিসেবে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি রুশ ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং সেমিনার ও কর্মশালার আয়োজন করে বলে জানান তিনি।
রুশ কূটনীতিক বলেন, “রাশিয়ান হাউস বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়া সরকারের দেওয়া বিভিন্ন শিক্ষাবৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য দেয় এবং আবেদনে সহায়তা করে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী এই সুযোগ গ্রহণ করছে। মৌলভীবাজারের শিক্ষার্থীদেরও এই সুযোগ নেওয়ার আহ্বান জানাই।”
রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি মশিউর রহমান রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে পল হ্যারিস রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আফরোজ বেগম, রোটারিয়ান সত্যকাম চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য, প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর মো. ফয়সাল হোসেন ও বিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন বক্তব্য দেন।
পরে রুশ দূতাবাসের এই কর্মকর্তা বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলো ঘুরে দেখেন।
