স্বাধীনতার এত বছর পরও অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি: রাষ্ট্রপতি
কর্মসংস্থানের চাহিদার দিকে লক্ষ্যে রেখে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও মত দেন রাষ্ট্রপ্রধান।
স্বাধীনতার এত বছর পরও দেশের অনেক মৌলিক সমস্যার সমাধান হয়নি মন্তব্য করে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এখনো আগুন সন্ত্রাস, নিরীহ মানুষ হত্যা, বাসে আগুন দেওয়া এবং কলকারখানা বন্ধ করে দেওয়ার মত ঘটনা ঘটছে।
“এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। নিজেদের ধ্বংস করে কোনো জাতি উন্নতির লক্ষ্যে পৌঁছাতে পারে না।”
কর্মসংস্থানের চাহিদার দিকে লক্ষ্যে রেখে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলেও মত দেন রাষ্ট্রপ্রধান।
ঢাকা কলেজ ক্যাম্পাসে শুক্রবার সকালে প্রতিষ্ঠানের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমূলে ঢেলে সাজানো দরকার। প্রতিবছর আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান ও চাকুরির সুযোগ তৈরি হচ্ছে না। আমাদের শিক্ষাব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে, যাতে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা দেশের মানুষের জীবন ও অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে পারে। যাতে করে সেটা সত্যিকার অর্থেই কার্যকর হয়।”
সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে তাগিদ দিয়ে রাষ্ট্রপতি তরুণ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হতে এবং গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসতে বলেন।
১৮৬ বছরের ঐতিহ্যবাহী ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষ্যে এ দিন পুরো ক্যাম্পাসজুড়ে নবীন-প্রবীণদের পদচারনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করে রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন অনেকে, এখনো দিচ্ছেন। ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দিন অনুষ্ঠানস্থলে পৌঁছালে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।
ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক মির্জা ফখরুল ইসলাম দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, দেশের স্কুল-কলেজগুলো জাতীয় জীবনে আসলে কতটুকু ফল দিচ্ছে, তা এখন ভাবতে হবে।
একই সঙ্গে শিক্ষার মানের দিক থেকে ঢাকা কলেজকে আবারও শীর্ষ অবস্থানে নেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ কলেজের শিক্ষার্থীরা প্রশাসন, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বরাবরই মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন।
“ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। যে সরকারই দায়িত্বে থাকুক, ঢাকা কলেজকে যথাযথ গুরুত্ব দেওয়া উচিত।”
নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি বলেন, তার ঢাকা কলেজে অধ্যয়নের সময়কাল ছিল ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল। তখন কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালাল উদ্দিন অত্যন্ত কঠোরভাবে এই নিষেধাজ্ঞা কার্যকর করতেন।
“তবে সেই পরিস্থিতিতেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং সংগঠন করার চেষ্টা করেছেন।”
ঢাকা কলেজের বর্তমান শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত সীমাবদ্ধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, “আমি যতটুকু জেনেছি, কলেজের শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেলের ব্যবস্থা নেই। ভালো লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগও নেই। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিক্ষা প্রতিষ্ঠানের এসব সমস্যার দ্রুত সমাধান করা প্রয়োজন।”
শিক্ষকদের দায়িত্ব সম্পর্কে সাবেক শিক্ষক রাষ্ট্রপতি বলেন, “শিক্ষকদের কাজ শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের চিন্তা, বিবেক, মূল্যবোধ ও মানবিক চরিত্র গঠনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মুক্তবুদ্ধির চর্চা, জ্ঞান অনুসন্ধান, গবেষণামনস্কতা ও সৃজনশীল চিন্তার পরিবেশ তৈরি করতে হবে। ঢাকা কলেজের ঐতিহ্য ও গৌরব ধরে রাখতে শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং সহশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।”
ঢাকা কলেজের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বাজেটের অভাব নেই। এখন প্রয়োজন উদ্যোগ ও কাজের অগ্রগতি। কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।”
এ ক্ষেত্রে নিজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপ্রধান।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সরকারের মন্ত্রী-সংসদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
