'প্রয়াস' পরিদর্শনে জুবাইদা রহমান: ‘প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান’
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান— 'প্রয়াস' পরিদর্শন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
সোমবার ঢাকা সেনানিবাসে অবস্থিত এ প্রতিষ্ঠানে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রয়াসের পৃষ্ঠপোষক সেনা পরিবার কল্যাণ সমিতির সভানেত্রী সারাহনাজ কমলিকা জামান এবং সহকারী পৃষ্ঠপোষক শিরীন সুলতানা।
প্রয়াসের শিক্ষার্থীরা জুবাইদা রহমানকে ফুল দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের স্ত্রী ইশরাত শামস মলি উপস্থিত ছিলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর— আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, শুরুতে জুবাইদা রহমানকে দেশব্যাপী প্রয়াসের বিভিন্ন শাখায় পরিচালিত বিশেষায়িত শিক্ষা, চিকিৎসা, পুনর্বাসন ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে জানানো হয়। পরে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি ও সৃজনশীলতার প্রশংসা করেন।
জুবাইদা রহমান বলেন, "প্রতিটি শিশুই দেশের জন্য মূল্যবান এবং যথাযথ শিক্ষা, যত্ন ও প্রশিক্ষণের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনার বিকাশ ঘটানো সম্ভব।"
বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়াসের ভূমিকার প্রশংসা করেন তিনি জুবাইদা রহমান।
সুযোগের অভাবে কোনো শিশু-কিশোর যেন পিছিয়ে না পড়ে, সে বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি প্রয়াসের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
