২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুপ্রবেশের চেষ্টা: শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৬ ভারতীয় আটক

আটকরা ২০২৪ সালে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানিয়েছে বিজিবি।

অনুপ্রবেশের চেষ্টা: শেরপুর সীমান্তে নারী-শিশুসহ ৬ ভারতীয় আটক

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে নারী-শিশুসহ ছয়জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 11:45 PM

Updated : 20 Nov 2026, 11:45 PM

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্তে ছয়জনকে আটক করেছে বিজিবি। আটকরা ভারতীয় নাগরিক; তাদের মধ্যে তিন শিশু, দুই নারী ও এক পুরুষ।

শুক্রবার উপজেলার পানিহাতা মিশনমোড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজিদ।

আটকরা হলেন- আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০), নুরজাহান খাতুন এবং বাকি তিনজন শিশু। তারা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকার বাসিন্দা।

এদিন রাত সাড়ে ৯টার বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বলেন, আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।

সীমান্তে মাদক, চোরাই মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে; যার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।