পলাতক আসামিদের নিয়ে সীমান্তে সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল
সীমান্তে ব্যবহার করা হচ্ছে ড্রোন, নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তি।
পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের অবৈধভাবে সীমান্ত পার হওয়া ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এ জন্য সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি জোরদার করা হয়েছে।
রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
তিনি বলেন, সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযানের জন্য অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পলাতক আসামি ও অপরাধীদের সীমান্ত পার হতে সহায়তাকারীদের ওপরও নজর রাখা হচ্ছে।
সীমান্তে নজরদারির জন্য নাইট ভিশন ও থার্মাল ক্যামেরা, ড্রোন, সিসিটিভি, সার্চলাইটসহ বিভিন্ন আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এসব যন্ত্রের সাহায্যে দিন ও রাতে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা শনাক্ত করা সম্ভব হবে।
বিজিবি অধিনায়ক বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র প্রবেশ এবং পলাতক আসামিদের পারাপার ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
এ ছাড়া পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে তথ্য আদান-প্রদান করা হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং ও মতবিনিময় সভা করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পার হতে সহায়তাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সীমান্ত অপরাধের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও বিভ্রান্তিকর তথ্য ঠেকাতেও সহযোগিতা চেয়েছে বিজিবি।
এ বিষয়ে গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
