ডিসেম্বরে সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি: মহাপরিচালক
বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব।
ডিসেম্বর মাসে সীমান্ত দিয়ে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, “কোনো অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, সে বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ থেকে কেউ যাতে অবৈধভাবে অন্য দেশে যেতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে। পুশ-ইন, মাদক ও অস্ত্র পাচার এবং বিস্ফোরক প্রবেশ ঠেকাতেও সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
রোববার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, “সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান, মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপার ঠেকাতে বিজিবি কাজ করছে।”
সীমান্তের পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা দেখতে ফেনী, কুমিল্লা ও আখাউড়া পরিদর্শনে এসেছেন জানিয়ে তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানিয়ে সহযোগিতা করবেন।”
