২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এআই এজেন্টের নজরদারি ঠেকাতে স্ক্রিনশট বন্ধ করছে সিগনাল

সিগনালের দাবি, মানুষের ব্যবহৃত ডিভাইসগুলোতে প্রযুক্তি খাতের এআই যুক্ত করার প্রবণতা তাদের প্রাইভেসি নিশ্চিত করার সক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে।

এআই এজেন্টের নজরদারি ঠেকাতে স্ক্রিনশট বন্ধ করছে সিগনাল

ব্যবহারকারীর হয়ে কাজ করতে পারে এমন এআই এজেন্টগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরবর্তী বড় ঢেউ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 07:19 PM

Updated : 22 Nov 2026, 07:19 PM

ফোনে ব্যক্তিগত চ্যাটিং পড়া থেকে এআই এজেন্টদের ঠেকাতে স্ক্রিনশট নেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে এনক্রিপ্টেড মেসেজিং সেবা সিগনাল।

শুক্রবার কোম্পানিটি বলেছে, মানুষের ব্যবহৃত ডিভাইসগুলোতে প্রযুক্তি খাতের এআই যুক্ত করার প্রবণতা তাদের প্রাইভেসি নিশ্চিত করার সক্ষমতাকে নষ্ট করে দিচ্ছে।

রয়টার্স লিখেছে, প্রাইভেসি রক্ষাকারীদের কাছে নিরাপদ বার্তা আদান-প্রদানের শীর্ষস্থানীয় মাধ্যম হিসেবে বিবেচিত সিগনাল তাদের এই নতুন সুরক্ষা ব্যবস্থাকে ‘অসম্পূর্ণ’ বলে বর্ণনা করেছে।

পাশাপাশি, সংবেদনশীল তথ্যে এআই এজেন্টদের প্রবেশ ঠেকাতে অ্যাপ ডেভেলপারদের আরও সুনির্দিষ্ট উপায় দেওয়ার জন্য অপারেটিং সিস্টেম নির্মাতা অ্যাপল, অ্যালফাবেটের গুগল ও মাইক্রোসফটের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

Image

অ্যাপটিতে হওয়া ব্যবহারকারীদের আলাপ সিগনাল নিজেও পড়তে বা দেখতে পারে না। ছবি: রয়টার্স

এ ছাড়া, ওইসব এজেন্ট কীভাবে কাজ করে সে বিষয়ে আরও তথ্য সরবরাহ করার জন্যও কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সিগনাল।

এসব পদক্ষেপের মাধ্যমে বটগুলো কী ধরনের তথ্য সংগ্রহ করছে তা ডেভেলপাররা মূল্যায়ন করতে ও সে অনুসারে নিজেদের সিস্টেমকে উপযোগী করে নিতে পারবেন।

ব্যবহারকারীর স্ক্রিনে কী চলছে তা দেখা ও সে অনুসারে পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি এআই এজেন্ট বাজারে ছাড়তে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে যে প্রতিযোগিতা চলছে, তার সঙ্গে প্রাইভেসি-কেন্দ্রিক অ্যাপগুলোর ক্রমাগত টানাপড়েনেরই প্রতিফলন সিগনালের এই পদক্ষেপ।

অ্যাপলের সিরি এআই ও গুগলের জেমিনাই ইন্টেলিজেন্সের মতো সরাসরি অপারেটিং সিস্টেমে যুক্ত এআই সক্ষমতাগুলোকে বিশেষভাবে উদ্বেগজনক বলে চিহ্নিত করেছে সিগনাল। কারণ এগুলো মানুষের ডিভাইসের গভীরে যুক্ত থাকে।

সিগনালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার তার ব্লগ পোস্টে বলেছেন, অপারেটিং সিস্টেমগুলো এমন পরিবেশ ধরে রাখে, যেখানে সিগনাল ও অন্যান্য অ্যাপ্লিকেশনকে টিকে থাকতে হয়।

“বর্তমানে এই এজেন্টিক এআই সংযোজনগুলো এমনভাবে এই পরিবেশ বদলে দিচ্ছে, যা প্রাইভেসির জন্য ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে। বিষয়টি দায়িত্বশীলতার সঙ্গে আমাদের লক্ষ্য ধরে রাখার সক্ষমতার জন্য এক অস্তিত্বের সংকট।”

ব্যবহারকারীদের বার্তা স্ক্যান করা থেকে এআই এজেন্টদের বিরত রাখতে ফোনে স্ক্রিনশট নেওয়ার সুবিধা বন্ধ করার নতুন সেটিং চালু করছে সিগনাল, যা ডিফল্টভাবেই চালু থাকবে।

ডিভাইসের ধরন ভেদে সিগনাল যখন কোনো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা বা কোনো এআই অ্যাসিস্ট্যান্টের স্ক্রিনে প্রবেশের প্রচেষ্টা শনাক্ত করবে তখন ব্যবহারকারীরা পপ-আপ উইন্ডো দেখতে পাবেন, যেখানে এটা বন্ধ করার বিকল্পও থাকবে।

এর আগে, গেল বছর উইন্ডোজে মাইক্রোসফটের ‘রিকল এআই’কেও একইভাবে স্ক্রিনশট নেওয়া থেকে ব্লক করেছিল সিগনাল। তবে অ্যাপলের ম্যাকওএস-এ নির্ভরযোগ্যভাবে এ ধরনের সুরক্ষা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা।

সিগনালের এই ব্লগ পোস্টের বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি অ্যাপল, গুগল ও মাইক্রোসফট।

সুরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার কৌশল

ব্যবহারকারীর হয়ে কাজ করতে পারে এমন এআই এজেন্টগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরবর্তী বড় ঢেউ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এগুলো বিভিন্ন অ্যাপ থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের, সরাসরি কোনো নির্দেশনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ইমেইলের উত্তর দেওয়া, অ্যাপয়েন্টমেন্ট বুক করা ও অনলাইনে কেনাকাটার মতো সময় সাশ্রয়ী কাজ করতে পারে।

তবে এই সক্ষমতা সিগনালের মতো অ্যাপগুলোর নিজস্ব সুরক্ষা ব্যবস্থাকেও পাশ কাটিয়ে যেতে পারে।

এ সপ্তাহের শুরুতে রয়টার্সের প্রতিবেদনে লিখেছিল, মেটার ‘মিউজ’ এজেন্ট অ্যাপল কম্পিউটার ও গুগলের অ্যান্ড্রয়েড সিস্টেমচালিত ফোন উভয় ডিভাইসেই সিগনালের বার্তায় প্রবেশ করতে নিজেদের অফিশিয়াল ‘কানেক্টর’ টুলটিকে এড়িয়ে যেতে পেরেছিল।

উভয় ক্ষেত্রেই অ্যাপটি প্রাথমিক সেটআপের সময় দেওয়া অপারেটিং সিস্টেম-স্তরের অনুমতি কাজে লাগিয়ে বার্তাগুলো সংগ্রহ করেছে, যা ব্যবহারকারীরা হয়ত কল্পনাও করেননি।

অ্যাপলের ম্যাকওএস-এ এটা কম্পিউটারের অ্যাক্সেসিবিলিটি ও স্ক্রিনশট টুলের সমন্বয় ব্যবহার করেছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিধার্থে অ্যাপলের দেওয়া সেটিংগুলোকে ভিন্নভাবে কাজে লাগিয়ে এটা সিগনালে গিয়ে চ্যাটিংয়ের স্ক্রিনশট নিয়েছে, সেই ছবি থেকে লেখা আলাদা করেছে ও মিউজ অ্যাপের ভেতরে বার্তাগুলো হুবহু তুলে ধরেছে।

এ সপ্তাহে অ্যাপলের দেওয়া এক অপারেটিং সিস্টেম আপডেটে সেই নির্দিষ্ট পথটি কার্যকরভাবে বন্ধ করা হলেও, এজেন্টদের লক্ষ্য করে নতুন এক সেট অনুমতির ব্যবস্থা চালু করা হয়েছে; যা বাড়তি সতর্কবার্তাসহ প্রায় একই ধরনের সক্ষমতা দেয়।

রয়টার্সের প্রতিবেদনের জবাবে মেটা বলেছে, ব্যবহারকারীদের হয়ে কাজ করার জন্য এজেন্টগুলোর মানুষের কম্পিউটার দেখা ও সেগুলোর সঙ্গে মিথস্ক্রিয়া করার প্রয়োজন হয়।

ব্যবহারকারীরা সুস্পষ্টভাবে যে অনুমতি দিয়েছেন, মিউজ কেবল তার মাধ্যমেই অন্য অ্যাপে প্রবেশ করতে পারে।

সিগনাল বলেছে, এআই অ্যাসিস্ট্যান্টদের মাধ্যমে এ ধরনের তথ্য প্রক্রিয়াকরণ থেকে নিজেদের অ্যাপগুলোকে পুরোপুরি বাইরে রাখার সহজ উপায় ডেভেলপারদের হাতে থাকা উচিত।

এক্ষেত্রে বিশেষভাবে স্ক্রিন রিডিং, নোটিফিকেশন ও অন্যান্য ফাইল সিস্টেমে প্রবেশের বিষয়টি উল্লেখ করেছে তারা।

একটি অলাভজনক ফাউন্ডেশনের মালিকানাধীন এই সেবাটি নিজস্ব সার্ভারে তথ্য সংরক্ষণ সীমিত রেখে, বিজ্ঞাপন বর্জন করে ও এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপদ বার্তা আদান-প্রদানের নিশ্চয়তা দেয়, যার মানে অ্যাপটিতে হওয়া আলাপ সিগনাল নিজেও পড়তে বা দেখতে পারে না।

ব্লগ পোস্টে সিগনাল বলেছে, মানুষের স্ক্রিন স্ক্যান করে এমন এআই সিস্টেমগুলো সিগনালের সুরক্ষিত পরিবেশ থেকে বার্তাগুলো বের করে এজেন্ট যে সার্ভারই ব্যবহার করুক না কেন সেখানে নিয়ে যাওয়ার মাধ্যমে এই সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিতে পারে।