ঐতিহ্যবাহী শিল্পে এআই: পুরনো পেশায় আধুনিকতার মেলবন্ধন
এআই কোম্পানিটির ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে ও কোম্পানির এমন সব বিভাগকে বাড়ানোর সুযোগ দিয়েছে, যা আগে সম্ভব ছিল না।
বিশ্বের প্রাচীনতম পেশাগুলোর একটি হতে পারে কার্পেট তৈরি। তবে এ ঐতিহ্যবাহী শিল্পও এখন আধুনিক প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সুবিধা গ্রহণ করতে শুরু করেছে।
বিবিসি লিখেছে, পারিবারিক মালিকানাধীন কোম্পানি ‘কুকুন রাগস’ অনলাইনের পাশাপাশি যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের অন্যতম বড় খুচরা বিক্রয়কেন্দ্রগুলোর মাধ্যমে তাদের পণ্য বিক্রি করে।
কোম্পানিটির প্রধান নির্বাহী পল ভ্যালি বলেছেন, এআই তাদের ব্যবসাকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে ও কোম্পানির এমন সব বিভাগকে বাড়ানোর সুযোগ করে দিয়েছে, যা আগে সম্ভব ছিল না।
“আমার মনে হয় প্রতিটি বিভাগই প্রায় প্রতিদিন এআই প্রযুক্তি ব্যবহার করছে। অর্থ বিভাগ থেকে শুরু করে বাণিজ্যিক, বিপণন, সরবরাহ চেইন ও পণ্য উৎপাদন সব জায়গাতেই এর ব্যবহার রয়েছে।”
কাউন্টি ডাউনের নিউরিতে নিজেদের পারিবারিক ব্যবসার ইতিহাসের কথা উল্লেখ তিনি বলেন, এআইয়ের মতো প্রযুক্তি এই ঐতিহ্যকে কেবল সমৃদ্ধই করতে পারে।
“কার্পেট তৈরির ইতিহাস হাজার বছরের পুরনো এবং এই অঞ্চলেও এটা দীর্ঘ সময় ধরে চলে আসছে।
“পণ্যটি নিজে হয়ত খুব একটা বদলায়নি তবে আমরা কীভাবে পণ্যটির নকশা ও তৈরি করছি, গ্রাহকদের কাছে বিপণন করছি এবং সবশেষে তাদের হাতে পৌঁছে দিচ্ছি এই পুরো প্রক্রিয়ার প্রতিটি ধাপেই মৌলিক পরিবর্তন আসছে। আর তা সম্ভব হচ্ছে এআইয়ের মাধ্যমে।”
একঘেয়ে কাজ থেকে মুক্তি
এআইয়ের বিরুদ্ধে প্রায়ই সৃজনশীল শিল্পে নেতিবাচক প্রভাব ফেলার অভিযোগ তোলা হয়। তবে ভ্যালি মনে করেন বিষয়টি তেমন নয়।
“এআই আমাদের আরও নির্ভুল, আরও সক্ষম, দ্রুত ও সুচিন্তিতভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে। ফলে কর্মীদের হাতে বাড়তি সময় থাকছে, যা তারা আরও বেশি বিশ্লেষণ, গবেষণা ও প্রকৃতপক্ষে আরও সৃজনশীল কাজ করার পেছনে ব্যয় করতে পারছেন।”
এআই গ্রহণের ফলে তাদের কোম্পানিতে ‘সবচেয়ে বড় প্রভাব পড়েছে দাপ্তরিক কাজগুলোর মধ্য থেকে বিরক্তিকর ও একঘেয়ে কাজগুলো দূর হওয়ার মাধ্যমে। সম্ভবত এর ফলে কর্মীদের মধ্যে কাজের প্রতি যে উৎসাহ ও সম্পৃক্ততা তৈরি হয়েছে সেটাও বড় দিক’।
ভ্যালি বলেছেন, “আমার মনে হয়, সবাই যখন এআই ব্যবহার করতে শুরু করল ও প্রকৃত অর্থেই এর সুফল বুঝতে পারল তখন প্রত্যেকেই এমন সব কাজ করার সুযোগ দেখতে পাচ্ছে, যা তারা আগে কখনো করতে পারেনি। তারা আরও বেশি কিছু করার জন্য বাড়তি সময় পাচ্ছে।”
প্রতিযোগিতায় টিকে থাকতে এআইকে কাজে লাগানো কোম্পানিগুলোর মধ্যে কুকুন-ই একমাত্র নয়।
উত্তর আয়ারল্যান্ডে উৎপাদন শিল্পেরও দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ১৯শ শতকে শিল্প বিপ্লবের পর লিনেন ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য অঞ্চলটি বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিল।
লিমাভ্যাডির ঠিক বাইরে স্পেরিন পর্বতমালার পাদদেশে অবস্থিত ‘সিটিং ম্যাটার্স’ কোম্পানি বিশেষায়িত ক্লিনিক্যাল চেয়ার তৈরি করে।
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্যসেবা কোম্পানিগুলো তাদের ক্রেতা। ‘এমারডেল’ ও ‘করোনেশন স্ট্রিট’-এর মতো জনপ্রিয় টেলিভিশন নাটকেও তাদের চেয়ার ব্যবহৃত হয়েছে।
কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মার্টিন টিয়ারনি বলেছেন, এআইয়ের কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক থাকলেও এটা এখন তার কোম্পানির দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
‘যিনি এআই জানেন, তিনি আপনার চাকরি নিয়ে নিতে পারেন’
টিয়ারনি বলেছেন, “এআই আপনার চাকরি কেড়ে নেবে না, তবে যিনি এআই জানেন, তিনি আপনার চাকরি নিয়ে নিতে পারেন। ফলে আমরা এটাকে সাদরে গ্রহণ, কর্মীদের ব্যবহারে উৎসাহিত ও সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থেকে যৌক্তিক উপায়ে তা কাজে লাগাচ্ছি।”
গ্রাহক সেবায় এই প্রযুক্তি এখনো দুর্বল বলে মনে করলেও টিয়ারনি বলেছেন, এটা দাপ্তরিক অনেক কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
টিয়ারনি বলেছেন, “হিসাবরক্ষণ, অর্থ ও তথ্য ব্যবস্থাপনা এবং ২০টি ভিন্ন উৎস থেকে তথ্য একত্র করার মতো সব শ্রমসাধ্য কাজে লক্ষ্যে পৌঁছাতে এটা সত্যিই দারুণ মাধ্যম।”
এআইয়ের সক্ষমতাকে ক্যালকুলেটরের সঙ্গে তুলনা করেছেন টিয়ারনি।
তার ভাষায়, “দেখুন, সেই ১৮০০-এর দশকে সব কাজ কলম ও কাগজে করা হত। তখন কারও কাছে ক্যালকুলেটর ছিল না ও মানুষ ভাবত, ক্যালকুলেটর এলে হয়ত সব হিসাবরক্ষকের চাকরি চলে যাবে।
“এমনটা ঘটেনি, বরং হিসাবরক্ষকদের আরও উৎপাদনশীল করে তুলেছিল। আর এরপর এক্সেল এসে এদের কর্মসক্ষমতা আরও বাড়িয়েছে। এআই ঠিক সেই কাজটিই আবার করছে, তবে দ্রুত সময়ে।”
কোম্পানিতে এআই প্রয়োগের ফলে কেবল উৎপাদনশীলতাই বাড়েনি, বরং নতুন কর্মসংস্থানও তৈরি হয়েছে।
“আমাদের দলে এখন আগের চেয়ে বেশি কর্মী রয়েছেন। এআই তাদের আরও বেশি উৎপাদনশীল হতে, একঘেয়ে কাজ কমিয়ে বুদ্ধিবৃত্তিক কাজ করতে সাহায্য করছে।
“উপরতলায় গিয়ে ফাইলিং ক্যাবিনেটের ড্রয়ার টেনে কাগজপত্র ঘাঁটাঘাঁটি করতে কেউ পছন্দ করে না। আপনি জানেন, এটা কারও সময়েরই সদ্ব্যবহার নয়।”
‘চালকের আসনে সবসময় মানুষই থাকে’
টিয়ারনি বলেছেন, এআইয়ের অন্যতম সেরা দিক এই সফটওয়্যার ব্যবহারের জন্য তার কোনো আইটি ডিগ্রির প্রয়োজন হয় না।
“আপনি কেবল এআইয়ের সঙ্গে কথা বলবেন, যেমন ‘আমি কাজটি করার চেষ্টা করছি, তুমি কি আমাকে ধারণাটি গুছিয়ে দিতে সাহায্য করতে পারো?’”
‘সিটিং ম্যাটার্স’-এর কর্মীদের সমস্যা সমাধান ও গতানুগতিক কাজগুলোর গতি বাড়াতে এআই ব্যবহারে উৎসাহিত করা হলেও তাদের সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা বা নীতিমালার মধ্যে থেকে কাজ করতে হয়।
টিয়ারনি বিষয়টিকে হ্যান্ডব্রেক চেপে গাড়ি চালানোর সঙ্গে তুলনা করে বলেছেন, “আমরা এখানে রোগীদের তথ্য বা আর্থিক কোনো তথ্য দিচ্ছি না। হ্যাঁ, আজকের জন্য প্রাসঙ্গিক হতে পারে এমন ছয় বছর আগের কোনো ইমেইল খুঁজে বের করতে বা তথ্য যাচাই করতে আমরা এআই ব্যবহার করতে পারি
“তবে আমরা কাজটি এমনভাবে করছি যাতে চালকের আসনে সবসময় মানুষই থাকে। এটা সবসময়ই কারও না কারও মাধ্যমে যাচাই করা হয়।”
