শেরপুরের সীমান্ত থেকে ভারতীয় প্রসাধনী জব্দ
এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকা থেকে বিপুল ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার ভোরে উপজেলার মারিংপাড়া এলাকায় অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয় বলে জানিয়েছেন ৩৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ ব্যাটেলিয়নের দায়িত্বপূর্ণ এলাকা মারিংপাড়া দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় প্রসাধনী সামগ্রী পাচারের চেষ্টা করে। খবর পেয়ে কর্ণজোড়া বিওপির বিজিবি সদস্যরা অভিযানে গেলে টের পেয়ে চোরাকারবারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।
৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, এ অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় বিপুল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, সীমান্তে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
