ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
বিজিবি জানায়, ৫ হাজার ৭৬০ পিস ডিসপ্লে ফেলে পালিয়ে যান ১৫ থেকে ২০ জন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ডিসপ্লে জব্দ করেন বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।
শনিবার দুপুরে ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি বলেন, গোপন খবর পেয়ে মুকুন্দপুর সীমান্ত ফাঁড়ির একটি দল সীমান্ত পিলার ২০০৭/৭-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কামালমোড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় ১৫ থেকে ২০ জন মাথায় কার্টন নিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেন। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা কার্টন ফেলে পালিয়ে যান।
পরে কার্টনগুলো খুলে পাঁচ হাজার ৭৬০ পিস ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, উদ্ধার করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য চার কোটি ৬০ লাখ ৮০ হাজার টাকা। এগুলো আখাউড়া স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়ার কাজ চলছে।
