সোনামসজিদ বন্দরে পাথরবোঝাই ট্রাকে মিলল ৩৬ ভারতীয় মোবাইল
এ ঘটনায় ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বিজিবি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৩৬টি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। আটক করা হয় ট্রাকের চালককে।
রোববার রাত ১০টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
আটক চালক জসিম শেখ (২৭) ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন সেখের ছেলে।
সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবর পেয়ে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালায়।
এ সময় পাথরবোঝাই ভারতীয় একটি ট্রাক তল্লাশি করে ৩৬টি মোবাইল ফোন জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা বলে জানায় বিজিবি।
আটক চালক ও জব্দ করা মালামালের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি।
সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু।
