২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শেরপুরের সীমান্তে বিপুল ভারতীয় বেবি সাবান জব্দ

জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Sep 2026, 12:46 PM

Updated : 27 Sep 2026, 12:46 PM

শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বেবি সাবান জব্দ করেছে ময়মনসিংহ বিজিবি।

রোববার ভোরে উপজেলার ডুমুরতলা এলাকার সীমান্ত থেকে চালানটি আটক করা হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ ব্যাটেলিয়ানের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ।

রোববার সকাল ১১টার দিকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, ময়মনসিংহ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা ডুমুরতলা সীমান্ত দিয়ে রোববার ভোরে চোরাকারবারিরা অভিনব কায়দা ভারতীয় জনসন কোম্পানির বেবি সাবান চোরাচালানের চেষ্টা চালায়।

সেসময় বিজিবির কর্ণজোড়া বিওপির সদস্যরা সেখানে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল বেবি সাবান জব্দ করে।

জব্দ করা এসব পণ্যের সিজার মূল্য ৬ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল নুরুল আমিন বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করছে।

সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।