কুড়িগ্রাম সীমান্তে মাদক ও গবাদিপশুসহ ভারতীয় পণ্য জব্দ, আটক ১
জব্দ করা পণ্যের আনুমানিক বাজার মূল্য সাত লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম সীমান্তে মাদক, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীসহ বিপুল ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। এ সময় একজনকে আটক করা হয়।
গত ৪৮ ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার সকালে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সুরক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ইয়াবা, মদ, গবাদিপশু, প্যান্টের কাপড়, কারেন্ট জাল, ওষুধ, সার ও প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য সাত লাখ ১০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে অপরাধ দমন, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
সীমান্ত সুরক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
