সিলেট সীমান্তে এয়ারগান ও গুলিসহ ভারতীয় ২ খাসিয়া নাগরিক আটক
সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় তাদের আটক করে বিজিবি।
সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তে ভারতীয় দুই খাসিয়া নাগরিককে এয়ারগান ও গুলিসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার দুপুরের দিকে উপজেলার মিনাটিলা সীমান্তে শূন্যরেখা অতিক্রম বাংলাদেশে প্রবেশ করায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট-৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
ভারতীয় খাসিয়া নাগরিক হলেন- বাতিম তুতা (২৮) এবং টেম্পো (২০)।
বিজিবি জানায়, সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আনারস বাগান নামক স্থানে প্রবেশ করে ভারতীয় দুই খাসিয়া নাগরিক। এ সময় বিজিবির টহল দল একটি টি-এয়ারগান, ৩৫টি প্যালেট গুলি, দুটি দা ও দুটি মোবাইলসহ তাদের আটক করে।
অবৈধভাবে শূন্যরেখা অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করায় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
তিনি বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ, অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র ও গুলিসহ খাসিয়া নাগরিকদের আটক করা হয়। বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
