১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিজিবির বিশেষ মহড়া

৩৯ বিজিবির অধিনায়ক বলেন, “ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আমরা আশাবাদী।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 12:44 PM

Updated : 15 Nov 2026, 12:44 PM

শেরপুরের সীমান্ত এলাকায় অপরাধ প্রতিরোধে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বিশেষ মহড়া চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৩৯ বিজিবির হলদীগ্রাম বিওপির আওতাধীন গারোকোনা জিরো পয়েন্ট এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।

মহড়ায় আরও উপস্থিত ছিলেন মেজর আশিক ইকবাল এবং হলদীগ্রাম বিওপির কমান্ডার সুবেদার নুরুল ইসলাম।

বিজিবি জানায়, সীমান্তে মাদক চোরাচালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে ড্রোন, অল-টেরেইন ভেহিকল (এটিভি) ও এআই ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় নজরদারি এবং টহল কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত টহল পরিচালনা এবং সার্বক্ষণিক নজরদারি বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে।

“ড্রোন, এটিভি ও এআই ক্যামেরার সমন্বয়ে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে আমরা আশাবাদী। সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কার্যক্রম অব্যাহত থাকবে।”