২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২০ জনকে ঠেলে দেওয়া প্রতিহত করল বিজিবি

লাতু ও পাল্লাথল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 05:11 PM

Updated : 20 Nov 2026, 05:37 PM

বৈরী আবহাওয়ার সুযোগে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বলেন, বৃহস্পতিবার রাতে বড়লেখার পাল্লাতল সীমান্তের পাহাড়ি এলাকা দিয়ে সাতজন নারী-পুরুষকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। একইভাবে শুক্রবার সকালে লাতু সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়। বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকানো হয়েছে।

তিনি বলেন, দুই সীমান্তের এসব এলাকায় লোকজন বৃষ্টির মধ্যে অবস্থান করছিলেন। শুক্রবার দুপুরে পাল্লাতল সীমান্ত থেকে সাতজনকে সরিয়ে নেওয়া হয়। তবে লাতু সীমান্তের ভারতীয় অংশে এখনো ১৩ জন অবস্থান করছেন। তাদের ফিরে যাওয়ার অনুরোধ জানানো হলেও তারা এখনো সেখান থেকে সরে যাননি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। পাশাপাশি শুক্রবার বিকালে পাল্লাতল সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন সুবেদার কানন।

তিনি বলেন, বৈঠকে বিএসএফকে এভাবে বাংলাদেশে লোকজন পাঠানোর চেষ্টা না করতে এবং সীমান্তে অবস্থানরত ১৩ জনকে ফিরিয়ে নিতে অনুরোধ জানানো হয়েছে। তবে বিএসএফ সীমান্তে লোক পাঠানোর বিষয়টি অস্বীকার করেছে।