০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

নওগাঁ-জয়পুরহাট সীমান্ত দিয়ে সাতজনকে ঠেলে দেওয়ার চেষ্টা, বিজিবির বাধা

পরে রাতে সাতজনকে ফেরত নিতে সম্মত হয়েছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 08:58 PM

Updated : 06 Oct 2026, 08:58 PM

নওগাঁর সাপাহার উপজেলা ও জয়পুরহাট সীমান্ত দিয়ে সাতজনকে বিএসএফের ঠেলে দেওয়ার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি।

মঙ্গলবার সকালে সাপাহার উপজেলার সোনাডাঙা এলাকায় চারজন এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকা দিয়ে আরও তিনজনকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হয়।

নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, ওই সাতজন সারাদিন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। সাতজনের মধ্যে একজন নারী এবং বাকি সবাই পুরুষ। পরে রাতে সাতজনকে ফেরত নিতে সম্মত হয়েছে বিএসএফ।

১৪ বিজিবি জানিয়েছে, ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব বলেন, বর্তমানে ওই এলাকায় বিজিবির কড়া নজরদারি ও সতর্ক অবস্থান রয়েছে। অবৈধভাবে কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।