রাশিয়ার হামলায় ইউইক্রেইনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে
আবার কি চেরনোবিলের মতো বিপর্যয় আসন্ন? ইউক্রেইনের জ্বালানি স্থাপনায় রাশিয়ার জোর হামলায় পারমাণবিক দুর্ঘটনার বড় ঝুঁকি দেখছে ৩৮ টি দেশের পামাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা।
জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার ক্রমাগত হামলার কারণে আসন্ন শীতে ইউক্রেইনে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যাচ্ছে।
সোমবার ৩৮টি দেশের পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলোর এক যৌথ বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে রাশিয়াকে হামলা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
প্রায় পাঁচ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেইনের জ্বালানি খাত এরই মধ্যে নাজুক অবস্থায় রয়েছে। তার মধ্যেই ইউক্রেইনের বিদ্যুৎকেন্দ্র, সঞ্চালন লাইন এবং সাবস্টেশনগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্প্রতি আরও বাড়িয়েছে রাশিয়া।
পারমাণবিক নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থাগুলোর যৌথ বিবৃতিটি প্রকাশ হওয়ার আগেই বার্তা সংস্থা রয়টার্সের হাতে এসেছে।
এই বিবৃতিতে সংস্থাগুলো বলেছে, "ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ এবং দেশটির জ্বালানি অবকাঠামোতে অব্যাহত হামলার ফলে পারমাণবিক নিরাপত্তায় যে ক্রমবর্ধমান ঝুঁকি সৃষ্টি হয়েছে, সে বিষয়ে আমরা সম্মিলিতভাবে গভীর উদ্বেগ প্রকাশ করছি।"
“আমরা মনে করি, ইউক্রেইনের পারমাণবিক স্থাপনা এবং সেগুলোর নিরাপদ পরিচালনার জন্য অপরিহার্য জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার হামলা অবিলম্বে বন্ধ করা জরুরিভিত্তিতে প্রয়োজন।”
নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান উদ্বেগ হল, গ্রিড থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে ইউক্রেইনের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য তাদের পারমাণবিক উপাদানগুলোকে ঠান্ডা রাখা এবং বড় ধরনের তেজস্ক্রিয় বিপর্যয় (মেল্টডাউন) এড়ানো কঠিন হয়ে পড়বে।"
তেমনটি ঘটলে ১৯৮৬ সালের চেরনোবিল বিপর্যয়ের মতো বাতাসে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে; যা বিশ্বের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক দুর্ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে।
সেই দুর্ঘটনায় ইউক্রেইন, বেলারুশ, রাশিয়া এবং উত্তর ও মধ্য ইউরোপের বিভিন্ন অংশে আয়োডিন-১৩১, সিজিয়াম-১৩৪ এবং সিজিয়াম-১৩৭ ছড়িয়ে পড়েছিল।
রাশিয়াকে ইউক্রেইনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের আহ্বান জানানো সংস্থাগুলো হল- ইউরোপীয় রেডিওলজিক্যাল প্রোটেকশন কম্পিটেন্ট অথরিটিজ-এর প্রধানদের সংগঠন (হার্কা), ওয়েস্টার্ন ইউরোপিয়ান নিউক্লিয়ার রেগুলেটরস অ্যাসোসিয়েশন (ওয়েনরা) এবং নর্ডিক রেডিয়েশন সেফটি অথরিটিজ-এর প্রধানদের সংগঠন (নোরা)।
সম্মিলিতভাবে এই সংস্থাগুলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব দেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং জাপানসহ মোট ৩৮টি দেশের প্রতিনিধিত্ব করে।
‘পদক্ষেপ নিলে ওই পরিস্থিতি এড়ানো সম্ভব’
এক সাক্ষাৎকারে হেরকা ও নোরা সংস্থার প্রধান পের স্ট্র্যান্ড জানান, সম্প্রতি কয়েক সপ্তাহে রাশিয়ার হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এর উদাহরণ হিসেবে তিনি বলেন, রাশিয়া এখন এমন ড্রোন ব্যবহার করছে যা আগের চেয়ে বেশি বিস্ফোরক বহন করতে পারে এবং আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
তিনি রয়টার্সকে বলেন, “রাশিয়ার এই নতুন কৌশলের কারণে... স্পষ্টতই আসন্ন শীতকালে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি সবচেয়ে বেশি থাকবে।”
তার মতে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হবে ইউক্রেইনের জাতীয় বিদ্যুৎ গ্রিডে দেশব্যাপী বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, যা একইসঙ্গে দেশটির বিদ্যুৎ উৎপাদনকারী ৯ টি পারমাণবিক চুল্লিই ক্ষতিগ্রস্ত বা অচল করে দেবে। আর একই সময়ে চুল্লিগুলো থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হলে তা খুবই ভয়াবহ এক পরিস্থিতি হবে।
তবে স্ট্র্যান্ড জোর দিয়ে বলেন, এখনই পদক্ষেপ নেওয়া হলে এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করতে রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করা হলে এ পরিস্থিতি এড়ানো সম্ভব।
তিনি আরও বলেন, তা না হলে সম্ভাব্য পারমাণবিক দুর্ঘটনার পরিণতি মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোকে জরুরি প্রস্তুতি নিয়ে একসঙ্গে কাজ করতে হবে।
চার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
গত শনিবার আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, গত সপ্তাহে সামরিক হামলার কারণে ইউক্রেইনের বিদ্যুৎ ব্যবস্থায় অস্থিরতা দেখা দিয়েছে। ফলে দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর কিছু সচল ইউনিটে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিতে হয়েছে।
ইউক্রেইনে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, যার মধ্যে তিনটি বর্তমানে চালু রয়েছে এবং এই শীতে ব্যবহৃত বিদ্যুতের প্রায় ৮০ শতাংশ সরবরাহ করছে।
চতুর্থ কেন্দ্রটি ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়া। সেটি বর্তমানে যুদ্ধের সম্মুখসারির কাছের এলাকায় রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।
কেন্দ্রটিতে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন না হলেও পারমাণবিক উপাদানগুলোকে শীতল রাখতে এবং বড় ধরনের বিপর্যয় (মেল্টডাউন) এড়াতে এটি বাইরের বিদ্যুৎ সরবরাহের ওপর নির্ভরশীল।
কেন্দ্রটির যন্ত্রপাতি ইউক্রেইন থেকে সরবরাহ করা বিদ্যুতের মাধ্যমেই সচল থাকে।
আইএইএ-জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে জাপোরিঝিয়া কেন্দ্রটি ২৭ বার বাইরের বিদ্যুৎ সংযোগ হারিয়েছে। একারণে কেন্দ্রটিকে জরুরি ডিজেল জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে।
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে হামলা চালানো এবং এর সঙ্গে সংযুক্ত বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন করার জন্য রাশিয়া ও ইউক্রেইন একে অপরকে দায়ী করে আসছে।
