১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা: আলো, পানি, তাপ ছাড়া চরম সংকটে ইউক্রেইন

একদিকে চলছে শান্তি আলোচনা, অন্যদিকে, রাশিয়ার হামলায় বিদ্যুৎ ও পানিহীন হয়ে চরম বিপর্যয়ে ইউক্রেইন।

বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা: আলো, পানি, তাপ ছাড়া চরম সংকটে ইউক্রেইন

হামলায় বিধ্বস্ত ইউক্রেইনের বিদ্যুৎকেন্দ্র। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:55 PM

Updated : 12 Nov 2026, 08:55 PM

ইউক্রেইনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার দফায় দফায় হামলায় দেশটির জ্বালানি ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে পানি ও শীত নিবারণের তাপ (হিটিং) ছাড়াই চরম সংকটে দিন কাটাচ্ছে মানুষ।

দিনে মাত্র কয়েক ঘণ্টার বিদ্যুৎ ও পানির ওপর নির্ভর করে একটি বহুতল ভবনে দুই সন্তানকে নিয়ে টিকে থাকার কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন একাকী মা দারিনা কুলচিতস্কা।

আসন্ন শীতের মধ্যে দীর্ঘস্থায়ী লোডশেডিং ও ঠান্ডায় লাখ লাখ ইউক্রেনীয় নাগরিকের দৈনন্দিন জীবন গভীর অনিশ্চয়তায় পড়েছে।

ইউক্রেইনের রাজধানী কিইভের একটি সাততলা ফ্ল্যাটে ১২ বছর বয়সী ছেলে কিরিল এবং মেয়ে ওলেনাকে নিয়ে বাস করেন দারিনা। রুশ হামলার পর বিদ্যুৎ চলে গেলে ভবনের লিফট অচল হয়ে পড়ে এবং পাম্পের অভাবে বন্ধ হয়ে যায় পানি সরবরাহ।

গৃহস্থালির কাজ শেষ করা এবং সন্তানদের পড়াশোনা করানোর জন্য তিনি বিদ্যুৎ কিছু সময় থাকাকালে রীতিমতো দৌড়ান।

পরিস্থিতি বর্ণনা করে দারিনা বলেন, “গত কয়েক দিন আমরা দিনে মাত্র চার থেকে পাঁচ ঘণ্টা মতো বিদ্যুৎ পেয়েছি। কখনও দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে, আবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ থাকে না।”

সন্ধ্যা সাড়ে সাতটা বাজতেই পুরো এলাকা ঘন অন্ধকারে ঢেকে যায়। তখন টর্চলাইট ও এলইডি বাতির আলোই একমাত্র ভরসা হয়ে ওঠে।

দারিনার ছেলে কিরিল দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, “এখানে আলো নেই, পানি নেই, তাপ নেই, বিদ্যুৎ নেই। কোনও আনন্দও নেই। সব আনন্দ যেন বিদ্যুতের সঙ্গেই উধাও হয়ে গেছে।”

জানালার বাইরে তাকালে গোটা রাজধানী অন্ধকারাচ্ছন্ন এক অচেনা শহরের মতো মনে হয় বলে জানান দারিনা।

একদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে শান্তি আলোচনা চলছে, অন্যদিকে যুদ্ধের মাঠে দুই দেশই একে অপরের জ্বালানি খাতে আঘাত হানছে।

রাশিয়া ইউক্রেইনের বিদ্যুৎ গ্রিডে হামলা বাড়ানোয় সেখানে লোডশেডিং চলছে, আর ইউক্রেইন পাল্টা আঘাত হিসেবে রাশিয়ার তেল শোধনাগারগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

রাশিয়ার হামলায় ইউক্রেইনের রাজধানী কিইভ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাঝেমধ্যেই সেখানকার মেট্রো ট্রেন ও ট্রলিবাস চলাচল পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আর গত কয়েক সপ্তাহে সারা দেশের বাসিন্দাদেরকেই বিদ্যুৎ ছাড়া দিন কাটাতে হচ্ছে।

সাম্প্রতিক একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেইনের অন্যতম বৃহৎ একটি বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিবিসির প্রতিনিধি দেখতে পান, সেটি এখন কোনোমতে দাঁড়িয়ে আছে। ইউক্রেইনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার অভিযানের মধ্যে এটিই ছিল সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী হামলা।

সেই বিশাল কেন্দ্রটি এখন দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব স্তূপ আর ভাঙা পাইপে পরিণত হয়েছে। টারবাইনগুলো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ায় কেন্দ্রটি পুরোপুরি অচল হয়ে গেছে।

ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় ভলোদিমির কোভালেঙ্কো কেন্দ্রটি সচল রাখতে কন্ট্রোল রুমে দায়িত্বে ছিলেন। তিনি বলেন, ‘এটি ছিল অত্যন্ত শক্তিশালী হামলা। আমরা আগে কখনো এমন কিছু দেখিনি। আগেও হামলা হয়েছে—ছাদের কিছু অংশ ধসে পড়েছিল, পরিস্থিতি বেশ ভয়াবহ ছিল। কিন্তু এবারের হামলা ছিল আরও মারাত্মক।’

বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে গত ২৫ বছর ধরে এই কেন্দ্রে কাজ করা কোভালেঙ্কো বলেন, এই ক্ষয়ক্ষতি হৃদয়বিদারক। তবে তিনি আশাবাদী যে এটি মেরামত করা সম্ভব।

কিন্তু প্রতি ১৫ থেকে ৩০ মিনিট পরপর বিমান হামলার সতর্কবার্তার কারণে মেরামত ব্যাহত হচ্ছে। বিবিসি দলের চার ঘণ্টার পরিদর্শনের সময়ই ৭ বার এমন সতর্কবার্তা বেজেছে।

ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিটি সতর্কবার্তার সময় কর্মীদেরকে কাজ ফেলে নিরাপদ আশ্রয়ে ছুটতে হয়। আশ্রয়কেন্দ্রে পৌঁছানোর মতো সময় না থাকলে কর্মীরা বিশাল চিমনিগুলো ভিত্তির নিচে লুকিয়ে থাকেন।

পুনরুদ্ধার কাজের নেতৃত্ব দেওয়া ভাদিম বোবির বলেন, “এটি খুবই কঠিন। আপনি মানসিকভাবে একটি নির্দিষ্ট কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করলেন, আর ঠিক তখনই বিমান হামলার সাইরেন বেজে ওঠে, এবং আপনাকে যত দ্রুত সম্ভব সেখান থেকে চলে যেতে হয়।”

তিনি বলেন, “এটি মানসিকভাবে খুব কষ্টদায়ক, কারণ আমরা এসব মেরামত করেছিলাম, আবার চালু করেছিলাম, এখন আবার সব আগের মতো ধ্বংস হয়ে গেল। এতে খুব কষ্ট হয়, তবুও আমরা কাজ করে যাচ্ছি। সবকিছু ঠিক করার চেষ্টা করছি।”

জ্বালানি খাতের কর্মীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। অগাস্ট মাস থেকে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে, যাতে প্রতি সপ্তাহেই বেশ কয়েকজনের প্রাণহানি ঘটছে। পরিস্থিতি ক্রমেই আরও বিপজ্জনক হয়ে উঠছে।

সর্বশেষ বিপদ কেটে যাওয়ার পর কেন্দ্রের এক প্রান্তে একটি দল জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহকারী লাইনগুলো পুনরায় স্থাপনের কাজে ফিরে যায়। তবে অন্তত এই শীত শেষ হওয়ার আগে এই বিধ্বস্ত কেন্দ্র থেকে কোনও বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না।