১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে পড়ল পুতিনের ক্রাইমিয়া সেতুর একাংশ, ইউক্রেইনের ‘নজিরবিহীন’ হামলার প্রশংসায় জেলেনস্কি

‘যুদ্ধ সবসময় সেখানেই ফিরে যায়, যেখান থেকে তা শুরু হয়েছিল’, অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের কের্চ সেতুর খিলান ধসিয়ে রুশ প্রেসিডেন্টকে কড়া বার্তা ইউক্রেইনের প্রেসিডেন্টের।

ভেঙে পড়ল পুতিনের ক্রাইমিয়া সেতুর একাংশ, ইউক্রেইনের ‘নজিরবিহীন’ হামলার প্রশংসায় জেলেনস্কি

ছবি: বিবিসি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 09:21 PM

Updated : 17 Nov 2026, 09:21 PM

অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডের সংযোগ রক্ষাকারী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কের্চ সেতু মঙ্গলবার ইউক্রেইনের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানকে ‘নজিরবিহীন’ বলে প্রশংসা করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের যাচাই করা ভিডিও ও ছবিতে দেখা গেছে, সেতুটির একটি অংশ ভেঙে পানিতে পড়ে গেছে।

সোমবার থেকে শুরু হওয়া দফায় দফায় হামলার পর সেতুর ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে যান চলাচল বন্ধ ঘোষণা করেছে রুশ কর্তৃপক্ষ; ডাকা হয়েছে সরকারের জরুরি বৈঠক।

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “এই হামলা আমাদের অবকাঠামোতে রাশিয়ার আক্রমণের জবাবে একটি নজিরবিহীন অভিযান।”

এক্সে শেয়ার করা তার একটি ভিডিওতে ক্ষতিগ্রস্ত অংশটির দিকে একটি ক্ষেপণাস্ত্র এগিয়ে যেতে দেখা যায়।

ইউক্রেইনের নিরাপত্তা সংস্থা (এসবিইউ) জানিয়েছে, নিজস্ব তৈরি বিভিন্ন অস্ত্র ব্যবহার করে চালানো এই হামলায় সেতুর একটি ধাতব খিলান ও এর নিচের সড়ক অংশ সম্পূর্ণ ধ্বংস এবং রেলপথ ক্ষতিগ্রস্ত হয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই ক্ষয়ক্ষতি পুতিনের জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

২০১৪ সালে ক্রাইমিয়া দখলের পর উপদ্বীপটিতে রুশ আধিপত্য সুসংহত করতে প্রায় ২৭০ কোটি ডলার ব্যয়ে ১২ মাইল দীর্ঘ এই সড়ক ও রেল সেতুটি নির্মাণ করেছিলেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ অবশ্য সেতুটি আবার সচল করার পরিকল্পনা নেওয়ার কথা জানিয়ে বলেছেন, “সেতুটি যে মেরামত করা হবে, তাতে কোনও সন্দেহ নেই এবং এটি আগের চেয়েও ভালো হবে।”

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোররাতে দ্বিতীয় দফা হামলার পর সব ধরনের ট্রেন ও যান চলাচল স্থগিত করে বিশেষজ্ঞদের মাধ্যমে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হচ্ছে।

অন্যদিকে ঘটনাটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে ফৌজদারি মামলা করেছে রাশিয়ার তদন্ত কমিটি।

জেলেনস্কি জানান, কয়েক সপ্তাহ ধরে চলা একটি অভিযানের সপ্তম ধাপ ছিল এই হামলা, যার মাধ্যমে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জাপোরিঝিয়া, দিনিপ্রো, কিইভ ও ওদেসাসহ আমাদের অবকাঠামোতে রাশিয়া প্রতিদিন হামলা চালাচ্ছে। আমরা মনে করিয়ে দিচ্ছি, যুদ্ধ সব সময় সেখানেই ফিরে যায়, যেখান থেকে এর শুরু হয়েছিল।”

দক্ষিণ ইউক্রেইনের রুশ-নিয়ন্ত্রিত স্থল করিডোরের পাশাপাশি এই সেতুটি ছিল ক্রাইমিয়ায় রুশ সেনাদের রসদ সরবরাহ ও সাধারণ মানুষের যাতায়াতের প্রধান পথ। ২০১৮ সালে চালুর পর থেকে পাঁচ বছরে সেতুটি দিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ যানবাহন চলাচল করেছে।

হামলার পর ক্রাইমিয়ার রুশ-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ বাসিন্দা ও পর্যটকদের সেতুর দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

কাছের একটি জেলায় ড্রোন হামলায় দুজন নিহত হওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার কিছু ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে এবং যানবাহনহীন যাত্রীরা ফেরিতে পারাপার হতে পারবেন।

সেভাস্তোপলের রুশ-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভোজায়েভ শহরে পণ্য সরবরাহ স্বাভাবিক থাকার আশ্বাস দিয়ে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি জানান, গন্তব্যে পৌঁছাতে চাওয়া মানুষদের জন্য বিকল্প পরিবহন ব্যবস্থার কাজ চলছে।

শস্য, তেল ও তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনের ক্ষেত্রে আজভ সাগর ও কৃষ্ণসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে ব্যবহৃত এই সেতুর নিচের জলপথটি এখন সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

ফিনল্যান্ডভিত্তিক বিশ্লেষক সংস্থা ‘ব্ল্যাক বার্ড গ্রুপ’-এর বিশেষজ্ঞ এমিল কাস্তেহেলমি এক্সে লিখেছেন, “কৌশলগত এই সংযোগপথটি আগে ইউক্রেইনকে চাপে ফেলতে ব্যবহার করা হত, কিন্তু এখন এটি রুশদের জন্যই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে জলপথটি আবার চালু করতে কত সময় লাগবে, তা এখনও স্পষ্ট নয়।”

গত সপ্তাহে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা কোনও অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর দুই পক্ষের মধ্যে অবকাঠামোগত হামলা আরও তীব্র হয়েছে।

কিইভ জানিয়েছে, রাতভর রুশ হামলায় তাদের দুটি প্রধান সেতু ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে গেছে এবং দুজন নিহত হয়েছেন। রাশিয়া দাবি করেছে, সেতুগুলো সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হচ্ছিল।

পাশাপাশি ইউক্রেইনের আটটি অঞ্চলের বিদ্যুৎ গ্রিডে হামলার ফলে দেশজুড়ে পানি ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার তারা ১ হাজার ৪০০টিরও বেশি ইউক্রেইনীয় ড্রোন ভূপাতিত করেছে, যা যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা এবং আগের দিনের সর্বোচ্চ হামলার রেকর্ডের পরপরই ঘটল।

২০২২ সালে ট্রাক বোমা এবং ২০২৩ সালে নৌ-ড্রোন হামলার পর কের্চ সেতুতে এটি ইউক্রেইনের নতুন বড় আঘাত। ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক ‘ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার’-এর মতে, এই হামলা রাশিয়ার অর্থনীতি ও সামরিক রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা রক্ষায় মস্কোর অক্ষমতাকে স্পষ্ট করেছে।

বিশ্লেষক এমিল কাস্তেহেলমি মনে করেন, ২০১৭ সালে ওপরে তুলে বসানো বিশাল ইস্পাতের খিলান ও ভিত্তির গুরুতর ক্ষতির কারণে চলমান এই যুদ্ধের মধ্যে সড়ক সেতুটি আর মেরামত করা সম্ভব হবে না।

তার মতে, এর মাধ্যমে ইউক্রেইন বাস্তব এবং প্রতীকী, উভয় দিক থেকেই একটি বড় বিজয় অর্জন করেছে।