১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা,নাকি আটকে আছেন শর্তের জালে?

পাসপোর্ট ফেরতের আবেদন, নয়াদিল্লির দুই শর্ত আর ঢাকায় কূটনৈতিক তৎপরতা—ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনীতির অন্দরমহলে ঠিক কী চলছে?

ডিসেম্বরেই কি ফিরছেন শেখ হাসিনা,নাকি আটকে আছেন শর্তের জালে?

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে নয়াদিল্লির শর্ত ও ঢাকার অবস্থানের মধ্যে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। ফাইল ছবি

রাজু নূরুল রাজু নূরুল

Published : 15 Nov 2026, 12:37 PM

Updated : 15 Nov 2026, 12:37 PM

ডিসেম্বরে কি তবে বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো বাঁকবদল ঘটতে যাচ্ছে? গত ৫ অগাস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই সেটিকে নিছক রাজনৈতিক কৌশল বা কর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা হিসেবে দেখেছিলেন। কিন্তু চলতি মাসের ৯ তারিখে লন্ডনভিত্তিক একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ফেরত চেয়ে তার আবেদন এবং পরবর্তীতে বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে আসা নয়াদিল্লির শর্তগুলো বিষয়টিকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ রাখছে না।

প্রথম শর্তটি হলো, শেখ হাসিনা ভারতে পৌঁছেছিলেন বাংলাদেশ সামরিক বাহিনীর একটি উড়োজাহাজে। তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকেই নিতে হবে। এই প্রক্রিয়া আকাশপথের পরিবর্তে স্থলপথেও হতে পারে। অর্থাৎ, শেখ হাসিনাকে ভারতে পৌঁছে দিয়েছে বাংলাদেশ, এখন ফিরিয়ে আনার দায়িত্বও বাংলাদেশের। বাংলাদেশ সামরিক উড়োজাহাজ পাঠিয়ে দিল্লি থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারে। আবার স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট পয়েন্টেও তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে ভারত।

দ্বিতীয় শর্ত হলো, শেখ হাসিনা যেন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে। অর্থাৎ, শেখ হাসিনা তখনই দেশে ফিরবেন, যখন মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নিশ্চিত হবে।

শেখ হাসিনাকে ফেরত দেওয়ার খবরটি প্রকাশের ঠিক এক দিন আগে, বৃহস্পতিবার ঢাকায় ভারত ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মধ্যে বৈঠকের তথ্য জানিয়েছে দৈনিক মানবজমিন। আপাতদৃষ্টিতে এটি সাধারণ কূটনৈতিক সৌজন্য মনে হলেও, বর্তমান প্রেক্ষাপটে বিষয়টিকে এত সরল করে ভাববার সুযোগ নেই। এর আগে গত ৫ অগাস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকেই দেশ-বিদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় কৌতূহলের বিষয় হয়ে উঠেছে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে শুরুতে প্রতিপক্ষরা গুঞ্জন বলে প্রচার করলেও, সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা ও ভারতের পদক্ষেপ বলছে দৃশ্যপট বদলাচ্ছে। ৫ অগাস্টের গণ-অভ্যুত্থানের পর থেকে সোয়া দুই বছর ধরে তিনি নিজে ভারতে এবং তার দলের শীর্ষ নেতারা ভারত ও অন্যান্য দেশে আশ্রয় নিয়ে আছেন। ফলে নিজের ও আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ বাঁচাতে হলে দেশে ফেরা ছাড়া তার সামনে কার্যত আর কোনো পথ খোলা নেই।

আগামী সেপ্টেম্বরে শেখ হাসিনা ৮০ বছরে পা দেবেন। বয়সের বিবেচনায় তার হাতে খুব বেশি সময় নেই। অন্যদিকে, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া অন্য কারও নেতৃত্ব মেনে নেবে, এমন সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না।

দেশ দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থাকার পর বিএনপি ক্ষমতায় এসেছে মাত্র নয় মাস। দীর্ঘ কুড়ি বছর পরে দেশের অন্যতম বৃহৎ এই রাজনৈতিক দলের ক্ষমতায় ফিরে আসা। কিন্তু আগের দেড় বছরের ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তো রয়েছেই, এর সঙ্গে যুক্ত হয়েছে দলটির এক সময়ের মিত্র এবং বর্তমানে বিরোধী পক্ষগুলোর নানা দাবি-দাওয়া। বিশেষ করে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে এরই মধ্যে তারা দুই দফা ‘রোড শো’ করেছে। ফলে এমন এক সময়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা তার নেতা-কর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি করেছে, সেটি কি সরকারের জন্য নতুন রাজনৈতিক চাপের কারণ হয়ে ওঠেনি?

এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য থেকেও কিছুটা ধারণা পাওয়া যায়। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাওয়া গেলে যথাযথ আইনি প্রক্রিয়ায় তার বিচার হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরের বক্তব্য হলো, সরকার তার জন্য কোনো বিশেষ ডকুমেন্ট ইস্যু করবে না বাংলাদেশ। তিনি প্রশ্ন তুলেছেন, ‘শ্বশুরবাড়ি নয় যে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসতে হবে।’ তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর বক্তব্য, তিনি প্রকাশ্যে দেশে ফিরে বিচারের মুখোমুখি হন, প্রয়োজনে সরকার টিকিটের ব্যবস্থা করবে। সড়কমন্ত্রীর বক্তব্যও প্রায় একই রকম—পলাতকদের দেশে আসতে কে বাধা দিয়েছে?

সরকারের এসব বক্তব্য শুনলে মনে হতে পারে, শেখ হাসিনার দেশে ফেরার পথে কোনো বাধা তো নেই-ই; বরং সবাই তাকে ফিরিয়ে এনে বিচারের জন্য অধীর অপেক্ষায় আছেন। অথচ এর মধ্যেই সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে যে, তিনি যেন ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার সব চেষ্টা প্রতিহত করার সামর্থ্য দেন।

গত সোয়া দুই বছর ধরে শেখ হাসিনাবিরোধীদের মুখে প্রধান দাবিগুলোর একটি ছিল তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। অনেকে প্রায়ই দাবি করেন যে তাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝোলাতে হবে। হাজার হাজার বার শেখ হাসিনাকে উদ্দেশ করে বলা হয়েছে, ‘সাহস থাকলে ফিরে আয়।’ তাহলে তিনি যাতে দেশে ফিরতে না পারেন, সে জন্য মোনাজাত করতে হচ্ছে কেন? দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবির সঙ্গে তাকে ফিরতে না দেওয়ার এই অবস্থানের মধ্যে স্পষ্ট স্ববিরোধিতা রয়েছে।

এসব স্ববিরোধী আলোচনা ও রাজনৈতিক তৎপরতার মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে, তা হলো—শেখ হাসিনাকে শেষ পর্যন্ত কোন প্রক্রিয়ায় দেশে ফেরানো হবে?

এই প্রক্রিয়ায় ভারতের সক্রিয় ভূমিকা থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের কিছু কার্যক্রম অব্যাহত থাকলেও উচ্চপর্যায়ের কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই কার্যত স্থবির। অথচ নানা কারণে, বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশের গুরুত্ব অনেক বেশি। এত গুরুত্বপূর্ণ প্রতিবেশীর সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ রেখে চলা ভারতের জন্যও সুবিধাজনক নয়। বিষয়টি বাংলাদেশ জানে বলেই দর-কষাকষির সুযোগ পাচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশের বর্তমান সরকার ও বিভিন্ন বিরোধী রাজনৈতিক পক্ষের বক্তব্য হলো, ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হওয়ার অন্যতম প্রধান কারণ শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া। তারা দীর্ঘদিন ধরেই বলে আসছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠালেই দুই দেশের সম্পর্ক উন্নয়নের পথ তৈরি হবে।

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য শেখ হাসিনার আবেদনের পর পরিস্থিতি এখন তার এবং ভারতের জন্য একধরনের কূটনৈতিক সুযোগ তৈরি করেছে। শেখ হাসিনা বলতে পারবেন, তিনি দেশে ফিরতে চেয়েছেন, ফিরে বিচারের মুখোমুখি হতেও প্রস্তুত ছিলেন; কিন্তু তাকে দেশে ফিরতে দেওয়া হয়নি। সেটি সত্য হোক বা না হোক, এই বক্তব্যের মাধ্যমে তিনি মানুষের একাংশের সহানুভূতি অর্জনের সুযোগ পাবেন।

অন্যদিকে, ভারতও বলতে পারবে, তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে প্রস্তুত ছিল। তবে সে ক্ষেত্রে যে দুটি শর্ত তারা দিয়েছে, সেগুলো পূরণ করার দায়িত্ব বাংলাদেশের ছিল। বাংলাদেশ সরকার সহযোগিতা করেনি বলেই প্রত্যর্পণ সম্ভব হয়নি। অর্থাৎ, এই পরিস্থিতিতে ভারতও নিজেদের অবস্থানের পক্ষে একটি কূটনৈতিক যুক্তি দাঁড় করানোর সুযোগ পাবে।

বাংলাদেশ চাইলে ২০১৩ সালে স্বাক্ষরিত এবং ২০১৬ সালে সংশোধিত দুই দেশের প্রত্যর্পণ চুক্তির কথা সামনে আনতে পারে। কিন্তু সমস্যা হলো, ওই চুক্তির ৬ ও ৮ নম্বর ধারায় এমন কিছু বিধান রয়েছে, যার আওতায় প্রত্যর্পণের ক্ষেত্রে আপত্তি জানানোর সুযোগ রয়েছে। কোনো পক্ষ যদি মনে করে, প্রত্যর্পিত ব্যক্তিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারে এবং নিজ দেশে ফেরার পর ন্যায়বিচার পাবেন না, তাহলে তাকে ফেরত দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে।

শেখ হাসিনার ক্ষেত্রে ভারত যে এই যুক্তি সামনে আনতে পারে, তার ভিত্তিও ইতিমধ্যে তৈরি হয়েছে। আসামিপক্ষের আইনজীবীর অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী অত্যন্ত বিগলিত হাসি দিয়ে বলেছিলেন, ‘আমি খুব ব্যথিত!’ ওদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যে দেশি-বিদেশি আইনজীবীদের একাংশ প্রশ্ন তুলেছেন, যাদের কেউ কেউ একসময় যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

তাদের সেই সময়ের প্রশ্নগুলো যদি বিবেচনার দাবি রাখে, তাহলে বর্তমান বিচারপ্রক্রিয়া নিয়ে তোলা প্রশ্নগুলোও আলোচনার বাইরে রাখা যায় না। বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, আসামিপক্ষের অধিকার এবং আপিলের সুযোগের মতো বিষয়গুলো যে আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পাবে, সেটি অস্বাভাবিক নয়।

সম্ভবত এই আশঙ্কা থেকেই ভারতের পক্ষ থেকে দ্বিতীয় শর্তটি সামনে আনা হয়েছে। অর্থাৎ, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রশ্নে শুধু কূটনৈতিক বা প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা এবং না-ফেরা—দুই পরিস্থিতিই বর্তমান সরকারের জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ হতে পারে। তিনি দেশে ফিরলে আওয়ামী লীগ ও তার অনুসারীরা নতুন করে সক্রিয় হওয়ার সুযোগ পাবে। দলটির নেতা-কর্মীরা মাঠে রাজনৈতিক শক্তি সঞ্চয়ের চেষ্টা করবেন। অন্যদিকে, তাকে দেশে ফিরতে দেওয়া না হলেও শেখ হাসিনা বলতে পারবেন, তিনি দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু তাকে ফিরতে দেওয়া হয়নি। এভাবেও তিনি রাজনৈতিক সহানুভূতি অর্জনের চেষ্টা করতে পারবেন। তার অনুসারীরা সহিংসতার পথ বেছে নিতে পারে।

শেখ হাসিনার দেশে ফেরার আবেদন, আওয়ামী লীগের ভবিষ্যৎ, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য এবং কূটনৈতিক মহলের তৎপরতা বিবেচনায় একটি বিষয় অনুমান করা যায় যে শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষকে সন্তুষ্ট রাখতে সরকার প্রকাশ্যে যত কঠোর অবস্থানই নিক না কেন, ভেতরে ভেতরে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার একটি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হতে পারে। অন্তত সাম্প্রতিক ঘটনাপ্রবাহ থেকে এমন ধারণা তৈরি হওয়া অস্বাভাবিক নয়।

তবে পুরো প্রক্রিয়াটি যে এককভাবে বাংলাদেশের নিয়ন্ত্রণে নেই, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একইভাবে বাংলাদেশের রাজনীতির গতিপথও যে পুরোপুরি বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর হাতে নেই, সেটিও অস্বীকার করার উপায় নেই। রাজনৈতিক খোঁজখবর রাখেন এমন যে কেউ সেটি অনুমান করতে পারার কথা। ফলে শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কী ধরনের সমঝোতা হয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কী বোঝাপড়া তৈরি হয়েছে, তার ওপর।

আমাদের নিশ্চয়ই মনে আছে, দেশে ফেরার কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও লিখেছিলেন, দেশে ফেরার সিদ্ধান্তের পুরো নিয়ন্ত্রণ তার নিজের হাতে ছিল না। যদিও প্রেক্ষাপট এক নয়, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় শেখ হাসিনার ক্ষেত্রেও কি একই ধরনের বা কাছাকাছি কোনো বাস্তবতা কাজ করছে?

ফলে হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে যত আলোচনা, পাল্টা আলোচনা ও রাজনৈতিক হিসাব-নিকাশই চলুক না কেন, শেষ পর্যন্ত সিদ্ধান্তটি হয়তো শুধু ঢাকা বা দিল্লিতে নেওয়া হবে না। এর পেছনে আরও বড় কোনো আন্তর্জাতিক সমীকরণ কাজ করছে কি না, সেটিই এখন দেখার বিষয়।

রাজু নূরুল: উন্নয়ন অর্থনীতিবিদ ও লেখক। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পূর্ব আফ্রিকার কয়েকটি দেশে পরিচালিত প্রকল্পে ঊর্ধ্বতন উপদেষ্টা হিসেবে কর্মরত। ই-মেইল: raju_norul@yahoo.com

মতামত লেখকের নিজস্ব; বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদকীয় অবস্থান নয়।

পুরোনো খবর

হাসিনাকে ফিরিয়ে দিতে ‘২ শর্তের আভাস ভারতের’: বিবিসি বাংলা