১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরার ‘সহজ উপায়’ বাতলালেন নূরুল কবীর

সরকারের তরফে বলা হচ্ছে, দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনা পাসপোর্ট পাবেন না; প্রত্যর্পণ চুক্তির অধিনেই তাকে ফিরতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 07:09 PM

Updated : 18 Nov 2026, 07:09 PM

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে পারেন, তার একটি সম্ভাব্য উপায় সামনে এনেছেন সাংবাদিক নূরুল কবীর।

ইংরেজি দৈনিক নিউ এজের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বুধবার নিজের ফেইসবুক পেইজে দেওয়া এক পোস্টে বলেন, শেখ হাসিনা যদি ‘সত্যিই’ দেশে ফিরতে চান, তাহলে তার জন্য সবচেয়ে সহজ উপায় হবে নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে গিয়ে ভারতীয় সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে জানানো যে, তিনি ঢাকায় আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

নূরুল কবীরের ভাষায়, “এরপর তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা এবং দেশের আইনগত কর্তৃপক্ষের কাছে আইনসম্মতভাবে হস্তান্তর করার দায়িত্ব হবে বাংলাদেশ সরকারের।”

২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে দেশে ফেরাতে আসামি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। তবে এ বিষয়ে এখনো দিল্লির সাড়া মেলেনি।

এর মধ্যে গত ৯ নভেম্বর নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করার খবর প্রকাশ করে রয়টার্স।

তবে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান পরদিন বলেন, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়ে যে চিঠি পাঠানো হয়েছিল, সেটি শেখ হাসিনার করা আনুষ্ঠানিক আবেদন হিসেবে বিবেচনা করছেন না তারা।

আর সরকারের মন্ত্রীদের পক্ষ থেকে বলা হয়, দণ্ডিত আসামি হওয়ায় শেখ হাসিনা পাসপোর্ট পাবেন না; প্রত্যর্পণ চক্তির অধিনেই তাকে ফিরতে হবে।

এদিকে, গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের কর্মকর্তারা দুটি শর্তের ইঙ্গিত করেছেন। এর একটি হল, তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং পুনর্বিচারের নিশ্চয়তা দেওয়া। অন্যটি হল, তাকে বাংলাদেশে ফেরাতে সামরিক বিমান পাঠানো অথবা স্থলসীমান্তে গ্রহণ করা।

তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ১৩ নভেম্বর সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি প্রক্রিয়াতেই বিবেচনা করা হবে।

বিবিসির প্রতিবেদনে আসা কথিত শর্তগুলোর বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো মন্তব্য করেননি।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ১৬ নভেম্বর বলেন, ভারত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো শর্ত বাংলাদেশকে জানানো হয়নি। বিবিসির প্রতিবেদনটির ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৫ সালের ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়।

একই রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ভারতে অবস্থান করায় নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করতে পারেননি শেখ হাসিনা। তবে একটি অভিযোগে তাকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড করার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিলটি আপিল বিভাগের কার্যতালিকায় থাকলেও শুনানির তারিখ ঠিক হয়নি।