২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা দেশে ফিরে দুদকের মামলা মোকাবিলা করবেন, ‘আশা’ সচিবের

নিজে থেকে দেশে না ফিরলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা বলেছেন দুদক সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 07:05 PM

Updated : 24 Nov 2026, 07:05 PM

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দুর্নীতির মামলাগুলো মোকাবেলা করবেন বলে প্রত্যাশার কথা জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।

তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করতে আদালতের কাছে যাবে দুদক। আর নিজে থেকে দেশে না ফিরলে তাকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।

ভারতে অবস্থানরত শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান বলে তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে মঙ্গলবার খবর দিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী।

এ পরিপ্রেক্ষিতে শেখ হাসিনাকে দেশে ফেরানো ও তার বিরুদ্ধে করা দুর্নীতির মামলায় দুদকের পদক্ষেপ সম্পর্কে জানতে চান সাংবাদিকরা।

জবাবে দুদক সচিব বলেন, “আমরা যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছি, তিনি আইনিভাবে মোকাবেলা করবেন এটা আমরা প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন।”

শেখ হাসিনা নিজে থেকে দেশে ফিরে মামলা মোকাবেলা না করলে দুদক কী করবে, এমন প্রশ্নে সাইদুর রহমান খান বলেন, “যদি উনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে আইনগতভাবে তাকে আনার যে উদ্যোগ, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, সেই প্রক্রিয়া অবলম্বন করব।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, “আমরা যে রেড নোটিস জারি, তাকে অ্যারেস্ট করা, তাকে দেশে আনার বিষয়ে ইন্টারপোলের সাহায্য নিতে হয়, সেই ইন্টারপোলের সাহায্য নিতে হলে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হতে হবে।”

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তারে দুদক নিজের আইনি ক্ষমতা প্রয়োগ করবে কিনা, তা জানতে চান সাংবাদিকরা।

জবাবে সচিব বলেন, “সাক্ষ্য-প্রমাণসহ আদালতকে আমরা রিকোয়েস্ট করব, আদালত তার আইনি প্রক্রিয়ায় যেটা অ্যারেস্ট করা দরকার অ্যারেস্ট করবেন। সেটা আইনি প্রক্রিয়া।”

দুদকের আইনেও গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানান সচিব। তবে গ্রেপ্তার থেকে শুরু করে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে আদালতের কাছে প্রয়োজনীয় সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করবে কমিশন।

এ ক্ষেত্রে কোনো ব্যক্তির জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে না জানিয়ে সাইদুর রহমান খান বলেন, “আমরা এ বিষয়ে আইনগতভাবে কোর্টের কাছে যাব। কোর্টের মাধ্যমে আমাদের তরফ থেকে যে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করার কথা সেই সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করব। দুদকের কাছে ব্যক্তি কোনো বিষয় না, সবার জন্য আইন সমভাবে প্রযোজ্য হবে।”

হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ২৪ মামলা

ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত ২৪টি মামলা করেছে দুদক।

গত ১৭ নভেম্বর দুদক সচিব জানিয়েছিলেন, এসব মামলার মধ্যে ১৭টির তদন্ত চলছে। সাতটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় রায় হয়েছে।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও ৩৭টি মামলা হতে পারে বলেও সেদিন জানিয়েছিলেন সচিব। তবে অভিযোগের সত্যতা পাওয়ার ওপর মামলার সংখ্যা নির্ভর করবে বলে জানান তিনি।

দুর্নীতির এসব মামলার অংশ হিসেবে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১৫৬টি ব্যাংক হিসাবে থাকা ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা অবরুদ্ধ করেছে দুদক।

এছাড়া পূর্বাচলে ৬০ কাঠা জমি, বারিধারায় একটি বাড়ি, নয়টি ফ্ল্যাট ও অন্যান্য জমি জব্দ করা হয়েছে।

শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারির উদ্যোগ নেওয়ার কথাও সেদিন জানিয়েছিলেন দুদক সচিব।

২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

চব্বিশের অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।

গত জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

গত ৯ নভেম্বর দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে তার আবেদনের খবরও প্রকাশ করে রয়টার্স।

তবে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চায় সরকার।

মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কোনো পরিবহন পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়নি। দেশে ফিরলে তাকে সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, শেখ হাসিনাকে কীভাবে দেশে ফেরানো হবে, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। তাকে হস্তান্তরের পদ্ধতি নিয়ে কেবল ভারতের সঙ্গেই আলোচনা হবে।