২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুনের শিকার ৫ নারী ও মেয়েশিশু: জাতিসংঘ

ঘরেও চরম অনিরাপদ নারী। নির্যাতনের বিরুদ্ধে মুখ খুললে হারাতে হয় আশ্রয়, সন্তান কিংবা জীবনের নিরাপত্তা। তাই মুখ বুজে সহ্য করেন বিশ্বজুড়ে সহিংসতার শিকার অধিকাংশ নারী।

প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুনের শিকার ৫ নারী ও  মেয়েশিশু: জাতিসংঘ

ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 06:53 PM

Updated : 24 Nov 2026, 07:04 PM

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু খুন হয়েছে। এই হিসাব অনুযায়ী, বিশ্বে গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও মেয়েশিশু আপনজনের হাতে খুন হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন’-এর আলাদা এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে প্রতি তিন নারীর মধ্যে প্রায় একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। তবে ভুক্তভোগীদের মধ্যে মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

জাতিসংঘ বলেছে, দুটি প্রতিবেদনের তথ্য এক করা হলে সহিংসতার এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে—যা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এসব ঘটনা বেশির ভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায় এবং অপরাধীদের শাস্তিও হয় কদাচিৎ।

ফলে নারীরা তাদের সুরক্ষার জন্য গড়ে ওঠা বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর থেকে ক্রমেই আস্থা হারিয়ে ফেলছে।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ‘ইউএন উইমেন’ যৌথভাবে ‘২০২৬ ফেমিসাইড ব্রিফ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, গতবছর বিশ্বজুড়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করা ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর মধ্যে ৬০ শতাংশই নিজ সঙ্গী বা আত্মীয়স্বজনের হাতে প্রাণ হারিয়েছে।

সহিংসতা থেকে বেঁচে ফেরা অনেক নারীর জন্যই নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলার মানে হল—নিজের আশ্রয়, সন্তান, আর্থিক নিরাপত্তা এমনকি জীবনকেও চরম ঝুঁকির মুখে ফেলা।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএন উইমেন- এর উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বনজভান্ডা বলেন, বিদ্যমান বিচার ব্যবস্থায় নীরব থাকাটাই সবচেয়ে নিরাপদ হওয়ায় সহিংসতার শিকার নারীদের সহায়তা চাওয়ার প্রবণতা কমে যাচ্ছে।

তিনি বলেন, “আমরা দীর্ঘ সময় ধরে যেসব দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তার বেশির ভাগ ক্ষেত্রেই এই নীরবতা আরও গভীর হচ্ছে। আগের তুলনায় বর্তমানে সহায়তা চাওয়া নারীর সংখ্যা কমে গেছে। আমরা আসলে পেছনের দিকে হাঁটছি।”

ভুক্তভোগীরা কোনও শারীরিক প্রমাণ দেখাতে না পারলেও কিংবা নির্যাতনের প্রতিটি খুঁটিনাটি বিবরণ মনে করতে না পারলেও তাদের কথা বিশ্বাস করার জন্য তিনি সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, “কাউকে বিশ্বাস করতে কোনও অর্থ ব্যয় হয় না। অথচ নির্যাতনের শিকার একজন মানুষকে বিশ্বাস করা প্রতিবারই পরিস্থিতি বদলে দিতে পারে।”

৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে ইউএন উইমেন ‘অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভরস অব ভায়োলেন্স’ শীর্ষক প্রতিবেদন তৈরি করেছে। এতে বিশ্বজুড়ে ৮৪ কোটি নারী ও মেয়েশিশুর তাদের জীবদ্দশায় কোনও না কোনও সময় শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হওয়ার তথ্য বেরিয়ে এসেছে।

নির্যাতনের শিকার নারীদের মাত্র ২৩ শতাংশ আইনি বা প্রাতিষ্ঠানিক সহায়তা নেন। আরও উদ্বেগজনক বিষয় হল, পুলিশের কাছে নথিভুক্ত হওয়া মামলাগুলোর ৬৩ থেকে ৯৭ শতাংশ ক্ষেত্রেই শেষ পর্যন্ত অপরাধীদের কোনও সাজা হয় না।

‘ইউএন উইমেন’-এর নারী নির্যাতন প্রতিরোধ বিভাগের প্রধান ক্যালিওপি মিংগিরউ বলেন, “নির্যাতনের শিকার নারীদের বারবার নানা জেরা ও ভয়ভীতির মুখে পড়তে হয়। অন্যদিকে, ক্ষমতাশালী অপরাধীদের বেশির ভাগ সময়ই কোনও শাস্তি হয় না।

এশিয়ায় নির্যাতনের শিকার নারীদের মাত্র ১৬ শতাংশ সহায়তা চান। এর বিপরীতে আফ্রিকায় এই হার ৩১ শতাংশ এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে ৪০ শতাংশ। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে মাত্র ১৪ শতাংশ ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেন।

অনলাইনে হয়রানির চিত্রও সমান উদ্বেগজনক। ইউএন উইমেন-এর এক জরিপে অংশ নেওয়া জনজীবনে সক্রিয় বা বিভিন্ন পেশায় জড়িত ৭০ শতাংশ নারী অনলাইনে নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছেন।

এ প্রসঙ্গে ইউএন উইমেন- এর উপনির্বাহী পরিচালক গুম্বনজভান্ডা সতর্ক করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ‘ডিপফেক’ ছবি নারীদের নিরাপত্তার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে নারী হত্যার হার সবচেয়ে বেশি আফ্রিকায়। সেখানে প্রতি এক লাখ নারীর মধ্যে ২ দশমিক ৯ জন এভাবে প্রাণ হারায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে আমেরিকা অঞ্চল (১ দশমিক ৪), ওশেনিয়ায় ১ দশমিক ১, এশিয়ায় ০ দশমিক ৬ এবং ইউরোপে এই হার ০ দশমিক ৫।

বিশ্বজুড়ে সার্বিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীহত্যার হার কমেছে অনেক ধীরগতিতে। পরিসংখ্যান বলছে, ২০১০ সাল থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকা অঞ্চলে নারীহত্যার চেয়ে সাধারণ হত্যাকাণ্ডের হার প্রায় দ্বিগুণহারে কমেছে। আর ইউরোপে এই হার কমেছে দেড় গুণ দ্রুতগতিতে।

জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) নির্বাহী পরিচালক মনিকা জুমা বলেন, “ভীতিকর মনোভাব, প্রচলিত সামাজিক রীতিনীতি এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষা ব্যবস্থার ব্যর্থতা সমাজে এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে স্ত্রী, মেয়ে, মা কিংবা বোনকে হত্যা করার মতো অপরাধও ‘সহনীয়’ হয়ে উঠছে।”