১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

পাসপোর্ট ‘পাবেন না’ হাসিনা, দেশে ফেরার উপায় কী?

এবারই প্রথম নয়, আগেও দুইবার শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে ‘বিশেষ পরিস্থিতি সৃষ্টি’ হয়েছিল। তখনও তার পাসপোর্ট সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়েছিল।

পাসপোর্ট ‘পাবেন না’ হাসিনা, দেশে ফেরার উপায় কী?

শেখ হাসিনা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 01:50 AM

Updated : 11 Nov 2026, 01:53 AM

পাসপোর্ট নেই, মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় হয়েছে। ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ঘিরে নতুন করে সামনে এসেছে তার দেশে ফেরার আলোচনা। কীভাবে ফিরবেন তিনি? ট্রাভেল পাস, নাকি প্রত্যর্পণ চুক্তি–কোন পথে খুলতে পারে তার ফেরার দরজা?

আইনজীবীরা বলছেন, মৃত্যুদণ্ডের রায় থাকায় দেশে ফিরলে গ্রেপ্তার হতে হবে শেখ হাসিনাকে। দণ্ডপ্রাপ্ত অপরাধী হওয়ায় আইনত পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই তার। যে কারণে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে কিংবা ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরতে হবে তাকে।

বাংলাদেশের দণ্ডবিধি এবং পাসপোর্ট আইন বিশ্লেষণ করে আওয়ামী লীগ সভাপতির সামনে এই দুই বিকল্প থাকার কথা বলছেন তারা।

বিদেশে অবস্থান করা পাসপোর্টবিহীন কোনো ব্যক্তির দেশে ফেরার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে থাকা দূতাবাস বা হাই কমিশন থেকে ট্রাভেল পাস নিতে হয়। এরপর তিনি নিয়ম মেনে ভ্রমণ করতে পারেন। শেখ হাসিনাকেও এ পথে এগোতে হবে।

সাম্প্রতিক সময়ে বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ট্রাভেল পাস নিয়ে দেশে আসেন।

অপরদিকে পাসপোর্ট না থাকা ওই ব্যক্তি অপরাধী কিংবা দণ্ডপ্রাপ্ত হলে তাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফেরত পাঠানোর সুযোগ রয়েছে। শেখ হাসিনার ক্ষেত্রে ভারতও চাইলে তা করতে পারে, যে দাবি চব্বিশের পালাবদলের পর থেকে করে আসছে বাংলাদেশ।

তবে এবারই প্রথম নয়, আগেও দুইবার শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে ‘বিশেষ পরিস্থিতি সৃষ্টি’ হয়েছিল। তখনও তার পাসপোর্ট সংক্রান্ত জটিলতার সৃষ্টি হয়েছিল। একবার ১৯৮১ সালে ও পরেরবার মঈন-ফখরুদ্দিন সরকারের সময় ২০০৭ সালে।

বর্তমান প্রেক্ষাপটের এমন অবস্থায় বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত কিংবা দুদেশের রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে তার ফেরা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তার পাসপোর্ট পাওয়ার সুযোগ না থাকার বিষয়টি আইন দ্বারা নির্ধারিত থাকার পরও এমন পদক্ষেপকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর কৌশল হিসেবেও দেখছেন অনেকে।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শেখ হাসিনা যেহেতু দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, এই অবস্থায় তিনি পাসপোর্ট পেতে পারেন না।

“কারণ পাসপোর্ট পেতে হলে তাকে আবার আবেদন করতে হবে পাসপোর্টের জন্য, সেটা ফলো করতে হলে, তাকে অবশ্যই জেলে থাকতে হবে।“

তিনি বলেন, শেখ হাসিনাকে হয়ত প্রত্যর্পণ চুক্তির আওতায় যে পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ফেরাতে হবে কিংবা ট্রাভেল পাস নিয়ে তিনি আসতে চাইতে পারেন।

“এক্সট্রাডিশান চুক্তির আওতায় যদি তিনি আসতে চান, আসতে পারেন অথবা ট্রাভেল পাসের আন্ডারে যদি আসতে চান আসতে পারেন। কিন্তু তিনি যে অবস্থাতেই আসেন, আসার সাথে সাথেই তাকে গ্রেপ্তার হতে হবে। কারণ তার বিরুদ্ধে কনভিকশন আছে।”

আইনি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত হওয়ায় আইনের যেসব সুযোগ-সুবিধা শেখ হাসিনার পাওয়ার কথা, সেই প্রতিকারগুলো আইনের মাধ্যমে পাবেন না যতক্ষণ পর্যন্ত আপিল করে জামিন পান।

“যদি তিনি জামিন পান, তখনই তার পাসপোর্টের প্রশ্ন আসছে। তাছাড়া যেহেতু তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, কনভিক্টের পরও তার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। সুতরাং তাকে অ্যারেস্ট হতেই হবে এবং যেহেতু তিনি পলাতক, সুতরাং তিনি আইনের সুবিধা পাবেন না।”

ডিসেম্বরে দেশে আসার ঘোষণা দেওয়া শেখ হাসিনা কী উপায়ে ফিরতে পারেন তা নিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “এখনো তার ফেরাটা নির্ভর করছে দুই দেশের দুই সরকারের উপর।

“ভারত, বাংলাদেশের সরকার কীভাবে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেটি ঠিক হবে আগে। মূলত তিনি এখন আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত, ফলে একাশি আর এখনকার চিত্র ও বাস্তবতা দুটো ভিন্ন।’’

চব্বিশের ছাত্র আন্দোলন দমাতে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সেই আন্দোলনে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। তবে নয়া দিল্লিতে নির্বাসনে থাকা শেখ হাসিনা হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন।

ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের চরম অবনতি ঘটে। ঢাকা বারবার তাকে দেশে ফেরত পাঠাতে নয়া দিল্লির প্রতি আহ্বান জানিয়ে আসছে।

এর বিপরীতে দিল্লি কোনো জবাব দেয়নি। শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি আইনিভাবে সুরাহার কথা মঙ্গলবারও বলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের সঙ্গে ২০১৩ সালে হওয়া প্রত্যর্পণ চুক্তির আওতায় ২০১৫ সালের ১২ নভেম্বর নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার আসামি নূর হোসেনকে প্রতিবেশী দেশটি থেকে ফিরিয়ে আনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর একদিন আগে ওই চুক্তির আওতায় আসামের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হন্তান্তর করেছিল বাংলাদেশ।

আলোচনায় শেখ হাসিনার এনআইডি-পাসপোর্ট

গণভবনমুখী জনতার ঢলের মধ্যে চব্বিশের ৫ অগাস্ট সামরিক বিমানে যখন দিল্লির পথ ধরেন শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী হিসেবে কূটনৈতিক পাসপোর্ট ছিল তার। সেই থেকে নয়া দিল্লিতেই থাকছেন তিনি। শুরুর দিকে ভিন্ন কোনো দেশে তিনি যাবেন কি না সেই আলোচনা হলেও অন্য কোথায় যাননি তিনি।

এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তৎকালীন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের দপ্তর জানায়, আওয়ামী লীগের শাসনামলে ‘গুম’ এবং জুলাই অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পরের মাসে ‘মিথ্যা তথ্য’ দেওয়ার অভিযোগে শেখ হাসিনা পরিবারের ১০ জনের পাসপোর্ট ‘লক’ বা অকার্যকর করে দেয় নির্বাচন কমিশন।

দিল্লির এ নির্বাসন শেষ করে ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে সোমবার এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশে হাই কমিশনে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।

Image

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান পরে বলেন, ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ এসেছে। পরে তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এরপর ওই চিঠির সত্যতা ও আইনি দিক খতিয়ে দেখার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আর শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না।

“বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে।”

এমন প্রেক্ষাপটে পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, কোনো ব্যক্তিকে পাসপোর্ট পেতে হলে অনলাইনে ই-পাসপোর্টের জন্য আবেদন করত হয়। এর বাইরে আবেদনের সুযোগ নেই।

এছাড়া এনআইডি ‘লক’ থাকায় চাইলেও পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী।

মঙ্গলবার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এ. টি. এম আবু আসাদ বলেন, “আমরা সাবেক প্রধানমন্ত্রীর কোনো আবেদন পাইনি।

“তবে ১৯৭৩ সালের পাসপোর্ট আইনে স্পষ্ট বলা আছে কে পাসপোর্ট পাওয়ার যোগ্য আর কে পাবেন না। আমাদের আইনের মধ্যে থেকে পাসপোর্ট দিতে হয়।”

পাসপোর্টের জন্য আইনজীবীর মাধ্যমে শেখ হাসিনার আবেদনের সমালোচনা এসেছে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলামের কাছ থেকেও।

শেখ হাসিনার আইনি প্রতিনিধিত্ব করা নিয়ে বাংলাদেশ সরকারের সমালোচনার প্রতিক্রিয়া এবং ওই চিঠির প্রেক্ষাপট নিয়ে ম্যাট্রিক্স চেম্বার্সের বক্তব্য জানতে চেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মঙ্গলবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের জবাব পাওয়া যায়নি।

Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

কী আছে পাসপোর্ট আইনে

বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ, ১৯৭৩ অধীনে নাগরিকদের জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করে থাকে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।

ওই আইনের ৬ নম্বর ধারায় কেউ আবেদন করলেও ১০টি কারণের মধ্যে এক বা একাধিক কারণে পাসপোর্ট দেওয়া বা ট্রাভেল পাস না দেওয়ার অধিকার দেওয়া হয়েছে পাসপোর্ট অধিদপ্তরকে।

ওই আইনের ই-উপধারা অনুযায়ী, বাংলাদেশের কোনো অপরাধ আদালতের চলমান বিচার থেকে যদি কেউ পালিয়ে থাকেন কিংবা তার পালিয়ে থাকার আশঙ্কা থাকে, অথবা কোনো আদালত যদি ওই ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়, তাহলে ওই ব্যক্তিকে পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু নাও করতে পারে অধিদপ্তর।

পুলিশ সদরদপ্তরের হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে ৪৫৭টিসহ মোট ৬৭৩টি মামলা রয়েছে। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে পলাতক দেখিয়ে বিভিন্ন মামলার বিচারকাজ চলছে।

দিল্লিতে থাকাবস্থায়ই রাষ্ট্রদ্রোহসহ কয়েকটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

পাসপোর্ট আইনের অধীনে শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ না থাকার আইনি ব্যাখ্যা মঙ্গলবার দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলামও। সাংবাদিকদের তিনি বলেন, পাসপোর্ট আইনে দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই।

বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ৬ অনুচ্ছেদের কথা তুলে ধরে তিনি বলেন, কোনো ব্যক্তি পাসপোর্টের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে নৈতিক স্খলনজনিত অপরাধে কমপক্ষে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে তাকে পাসপোর্ট দিতে অস্বীকৃতি জানানোর সুযোগ রয়েছে।

একই অনুচ্ছেদে ফৌজদারি মামলার বিচার এড়ানোর চেষ্টা বা দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পাসপোর্ট না দেওয়ার সুযোগ রয়েছে।

শেখ হাসিনার দণ্ডের বিষয়ে প্রধান কৌঁসুলি বলেন, মানবতাবিরোধী অপরাধ নৈতিক স্খলনজনিত অপরাধের অন্তর্ভুক্ত। এ কারণে ‘খুব সঙ্গত কারণেই’ বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করেছে।

তিনি বলেন, পাসপোর্ট অর্ডারের ৬-এর এ, বি, সি ও ই একসঙ্গে বিবেচনা করলে দেখা যায়, দণ্ডিত ব্যক্তিকে পাসপোর্ট ইস্যু করার এখতিয়ার পাসপোর্ট কর্তৃপক্ষের নেই।

শেখ হাসিনা স্বেচ্ছায় দেশে ফিরতে চাওয়ায় বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদের অধীনে তার ফেরার অধিকারের কথাও আসছে।

ওই ৩৬ অনুচ্ছেদে বলা আছে, “জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশের সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যেকোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।”

তবে দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে এই অধিকার প্রযোজ্য না হওয়ার কথা তুলে ধরে আমিনুল ইসলাম বলেন, তাকে ফিরিয়ে আনার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং এ সংক্রান্ত অন্যান্য কার্যক্রমও নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে চলমান মামলাগুলো এড়িয়ে গেছেন শেখ হাসিনা।

৩৬ অনুচ্ছেদের ভিত্তিতে শেখ হাসিনার দেশে ফেরার অধিকার আছে–এমন বক্তব্যকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দেন প্রধান কৌঁসুলি। বলেন, “একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশ সরকার কী করে পাসপোর্ট ইস্যু করবে? একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যদি পাসপোর্ট ইস্যু করে, ট্রাভেল পাস ইস্যু করে, তাহলে তো বিচারের সঙ্গে এটা রাষ্ট্রের একটা মকারির শামিল হবে।”

আগেও দুবার ট্রাভেল পাস নিয়ে ফিরেছেন হাসিনা

সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী নাম প্রকাশ না করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কোন আইনের’ ভিত্তিতে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি দেওয়ার জন্য ‘ল ফার্ম’ আবেদন করেছে, সেটি কিন্তু চিঠিতে নেই।

তার ভাষ্য, শেখ হাসিনা ‘যেভাবে’ গিয়েছিলেন ‘সেভাবেই’ ফিরবেন। তার দেশে ফেরাতো ‘রাজনৈতিক সিদ্ধান্ত’।

এর আগে ১৯৮১ সালে এবং ২০০৭ সালে সেনা সমর্থিত মঈন-ফখরুদ্দিন সরকারের সময় শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্টের বিষয়টি আলোচনা তৈরি করেছিল।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অধিকাংশ খুন হওয়ার সময় ছোট বোন রেহানাসহ জার্মানিতে ছিলেন শেখ হাসিনা। পরের ছয় বছর তারা দুজনেই ভারতে নির্বাসিত জীবন কাটান। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফেরেন শেখ হাসিনা। সভানেত্রী হিসেবে হাল ধরেন আওয়ামী লীগের।

দীর্ঘ সময় শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন নজিব আহমেদ। ২০২৪ সালের ১৭ মে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘“তখন জিয়াউর রহমান ক্ষমতায়। উনাদের পাসপোর্ট ছিল না, তারা নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করে। সে বাধা উপেক্ষা করে তিনি (হাসিনা) দেশে ফিরে আসেন।”

এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম একাধিক জ্যেষ্ঠ সাংবাদিক, অন্তত তিনজন রাজনৈতিক নেতার সঙ্গে কথা বলেছে। তারা কেউ স্পষ্টভাবে শেখ হাসিনা ১৯৮১ সালে ১৭ মে ‘পাসপোর্ট নিয়েই দেশে ফিরেছিলেন’, এমন কোনো তথ্য দিতে পারেননি। কেউ-কেউ ধারণা থেকে বলেছেন, শেখ হাসিনা ১৯৮১ সালে ‘ট্রাভেল পাস’ নিয়ে দেশে ফিরেছিলেন।

রাজনৈতিক বিশ্লেষক মুশতাক হোসেন বলেন, ‘‘১৯৮১ সালে তার (শেখ হাসিনা) পাসপোর্ট ছিল কি, ছিল না, মেয়াদ উত্তীর্ণ হয়েছে- সেটা আমি জানি না। কিন্তু তারতো আসার ক্ষেত্রে কোনো সমস্যাই হয় নাই। ১৯৮১ সালে ভারতে তিনি রাজনৈতিক আশ্রয়ে ছিলেন; কিন্তু যখন তিনি দেশে আওয়ামী লীগের নেতা হলেন, এরপর দেশে ফিরলেন। কিন্তু এখনতো তার সারকামসটেন্সেস ভিন্ন; দুটো এক না। এখন তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ে দণ্ডপ্রাপ্ত।’’

১৯৮১ সালে ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক ছিলেন সাইফুল হক, যিনি এখন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘‘আমি স্মৃতিনির্ভরতা থেকে বলতে পারি, তখন তিনি (শেখ হাসিনা) ট্রাভেল ডুকমেন্ট নিয়েই এসেছিলেন, এটা নিশ্চিত নই।”

দ্বিতীয়বার সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থা জারির পর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শেখ হাসিনা। নানা প্রতিকূলতার মধ্যে ২০০৭ সালের ৭ মে তিনি দেশে ফেরেন। এরপর তাকে গ্রেপ্তার করেছিল।

ওই জটিলতার কথা উঠে এসেছে শেখ হাসিনার বক্তব্যেও।

২০২৪ সালের ৭ মে জাতীয় সংসদে ওই সময়কার ঘটনা বর্ণনা করে তৎকালীন সংসদনেতা শেখ হাসিনা বলেছিলেন, “আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি ফিরে আসবই। ১৭ মে (১৯৮১ সালের) ওইভাবে এসেছিলাম। পরে ৭ মে এসেছিলাম ২০০৭ সালে।”

২০০৭ সালে ১৮ এপ্রিল তৎকালীন সরকার প্রেস নোট দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, যেটি আবার ওই বছরের ২৪ এপ্রিল প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

ওই ভাষণে শেখ হাসিনা বলেছিলেন, সব এয়ারলাইন্সকে মঈন-ফখরুদ্দিন সরকারের পক্ষ থেকে নিষেধ করা হয়েছিল তাকে যাতে ‘বোডিং পাস’ দেওয়া না হয়।

তার ভাষায়, “আমেরিকার বিমানবন্দরে তিন ঘণ্টা দাঁড়িয়ে তাদের সঙ্গে ঝগড়া করে ব্রিটিশ এয়ারওয়েজে করে লন্ডনে আসি। সেখানে আসার পরে যখন প্লেনে উঠতে যাব, তখন আমাকে উঠতে দেওয়া হয়নি।”

ট্রাভেল পাসে তারেক-সালাহউদ্দিনের দেশে ফেরা

দেড় যুগ যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ট্রাভেল পাস নিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরেন ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০০৭-০৮ সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার মত তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফেরেননি।

Image

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।

চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মা খালেদা জিয়ার অসুস্থতার খবরে তার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে বিএনপি নেতারা বলেন, তার পাসপোর্ট না থাকায় ট্রাভেল পাস নিয়ে ফিরবেন তিনি।

ডিসেম্বরের শুরুতে তারেক রহমানের দেশে ফেরার আলোচনা জোরদার হওয়ার প্রেক্ষাপটে ট্রাভেল পাস পাওয়ার প্রক্রিয়া নিয়ে নানা কথাবার্তা হয় তখন। পরে ১৯ ডিসেম্বর ট্রাভেল ইস্যুর পর ছয় দিন পর দেশে ফেরেন তারেক রহমান।

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১১ অগাস্ট ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন। ৬ অগাস্ট গোহাটির বাংলাদেশ মিশন থেকে তার ট্রাভেল পাস নেওয়ার কথা তখন জানিয়েছিলেন বিএনপি নেতারা।

Image

নয় বছর পর ২০২৪ সালের ১১ অগাস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের মধ্যে ২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাহউদ্দিন। পরে তার খোঁজ পাওয়া যায় ভারতের মেঘালয়ের শিলংয়ে।

আরও পড়ুন :

হাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা কোথায়: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনিভাবে সুরাহা হবে: জয়সওয়াল

শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া বিচারের সঙ্গে ‘মকারি’: প্রধান কৌঁসুলি

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন, জামায়াতের পর্যবেক্ষণ

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারতের: রাশেদ খাঁন

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা ও আইনি ভিত্তি’ যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যা আছে শেখ হাসিনার আইনজীবীর চিঠিতে

নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স