০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারতের: রাশেদ খাঁন

“শেখ হাসিনা মূলত ডিসেম্বরে দেশে ফিরবেন না; এজন্য এ ধরনের ‘স্ট্যান্টবাজি’ শুরু করেছেন,” বলেন প্রধানমন্ত্রীর এ রাজনৈতিক সহকারী।

বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারতের: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 11:27 PM

Updated : 09 Nov 2026, 11:27 PM

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন না, আর এ কারণে তিনি ‘স্ট্যান্টবাজি’ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

এছাড়া বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানোর দায়িত্ব ভারত সরকারের বলেও মনে করেন তিনি।

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে এ অবস্থান তুলে ধরেন রাশেদ।

সোমবার এক ভিডিও বার্তায় গণঅধিকার পরিষদের সাবেক এ সাধারণ সম্পাদক বলেন, “পৃথিবীর ইতিহাসে এরকম কোনো নজির নেই যে, কোনো দেশের সরকার কোনো পলাতক আসামির জন্য পাসপোর্ট এবং এনআইডি ইস্যু করেছে।

“শেখ হাসিনা মূলত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে না। এজন্য এ ধরনের ‘স্ট্যান্টবাজি’ শুরু করেছে। তবে এতটুকু বলতে চাই শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরতে চাযন, সেক্ষেত্রে ভারত সরকারের দায়িত্ব তাকে বাংলাদেশে একজন অপরাধী হিসেবে হস্তান্তর করা।’’

তিনি বলেন, “আমরা দেখেছি, যে সময় শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিলেন, তখন তিনি বলতেন যে ভারতকে যা দিয়েছি, ভারত আজীবন মনে রাখবে এবং আওয়ামী লীগের মন্ত্রীরাও একই কথা বলত যে, ভারতের সঙ্গে আমাদের রাখি বন্ধনের সম্পর্ক।’’

রাশেদ খাঁনের ভাষায়, “শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরুক। সেই ফিরিয়ে দিতে হবে ভারতকে। যেহেতু তিনি পালিয়ে গেছেন।

“শেখ হাসিনা যদি কোনো আলোচনার মাধ্যমে যেতেন, কোনো বৈধ উপায়ে যেতেন, সেক্ষেত্রে তার পাসপোর্টে সমস্যা হলে, এনআইডিতে সমস্যা হলে তাকে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব ছিল।”

গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।

রয়টার্স লিখেছে, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।

পুরনো খবর:

শেখ হাসিনার আবেদনের ‘সত্যতা ও আইনি ভিত্তি’ যাচাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
যা আছে শেখ হাসিনার আইনজীবীর চিঠিতে
নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স