২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাট্রিক্স চেম্বার্সের নথিতে শেখ হাসিনার স্বাক্ষর ‘জাল’, দাবি রাশেদ খাঁনের

“ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ) বন্দী অবস্থায় রয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 02:37 PM

Updated : 20 Nov 2026, 04:25 PM

ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিতে লন্ডনভিত্তিক যে ল ফার্ম চিঠি দিয়েছে, সেই ম্যাট্রিক্স চেম্বার্সের দাখিল করা অনুমতিপত্রে শেখ হাসিনার ভুয়া সই ব্যবহারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি শুক্রবার ফেইসবুক পোস্টে বলেছেন, “শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই।

“এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।”

দেশে ফিরতে চাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে (এনআইডি) গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনকে চিঠি দেয় ম্যাট্রিক্স চেম্বার্স। ওই অনুরোধের অগ্রগতি জানতে বৃহস্পতিবার ফের চিঠি দেন ল ফার্মটির আইনজীবী স্টিভেন পাওলস।

আগের চিঠির দ্রুত জবাব দেওয়ার আর্জি জানিয়ে পাওলস চিঠিতে বলেন, শেখ হাসিনার পক্ষে কাজ করার প্রমাণ চেয়েছিল বাংলাদেশ হাই কমিশন।

এ কারণে শেখ হাসিনা স্বাক্ষরিত অনুমতিপত্র সংযুক্ত করার কথা লেখেন পাওলস।

ওই ‘অনুমতিপত্র’ ও শেখ হাসিনার পাসপোর্টের ছবি জুড়ে দেওয়া ফেইসবুক পোস্টে দুই ধরনের সইয়ের কথা তুলে ধরে সেটিকে ‘জাল’ বলে দাবি করছেন রাশেদ খাঁন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এও লিখেছেন, “এছাড়া শেখ হাসিনার সাথে সরাসরি ফ্যাসিস্ট আ.লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারে না। ফ্যাসিস্ট নেত্রীর সাথে সাক্ষাতের কোনো ছবিও কেউ আজ অবধি পোস্ট করে নি।

“বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ)বন্দী অবস্থায় রয়েছে। অন্যথায় স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো NID & Passport এর আবেদন করতে পারেন।”

তবে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারে না মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, “অর্থাৎ ভারতে (গৃহ)বন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা।

“অর্থাৎ পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আ.লীগ।”

চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এর আগে রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে ডিসেম্বর তিনি দেশে ফিরতে চান।

এরপর গত ৯ নভেম্বর বার্তা সংস্থাটির খবরে বলা হয়, ল ফার্মের মাধ্যমে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ২০২৪ সালের ৫ অগাস্ট তার দেশ ছেড়ে যাওয়ার পর সেটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক কোনো যোগাযোগ।