হাসিনা নিজেই আসতে চান, তাহলে প্রত্যর্পণে ভারতের সমস্যা কোথায়: তথ্য উপদেষ্টা
“প্রত্যর্পণ নিয়ে প্রসেসের কথা বলা হয়েছে, আইনি জটিলতার কথা বলা হয়েছে। আমি অন্তত সেটা দেখি না।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নিজেই দেশে ফিরতে চান, সেক্ষেত্রে তাকে ফেরত পাঠাতে ভারত সরকারের কোনো সমস্যা থাকা উচিত নয় বলেই মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।
শেখ হাসিনা পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন কি না এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান কী—এমন প্রশ্নে তথ্য উপদেষ্টা বলেন, "ব্যাপারটা এরকম, আমরা চাই উনাকে প্রত্যর্পণ করা হোক। উনাকে ধরে আনতে চাই, উনাকে ধরে আনাই উচিত।
প্রত্যর্পণের উদ্যোগ নেওয়া হলে শেখ হাসিনা যে আদালতের আশ্রয় নিতে পারতেন, সে কথা তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, “এখন উনি তো নিজেই আসতে চান, তার মানে উনার কোর্টে যাওয়ার দরকার নেই।”
প্রত্যর্পণ নিয়ে আইনি জটিলতার কোনো কারণ দেখছেন না জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, “প্রত্যর্পণ নিয়ে প্রসেসের কথা বলা হয়েছে, আইনি জটিলতার কথা বলা হয়েছে। আমি অন্তত সেটা দেখি না।
“ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ, যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই আসতে চান। সো, লিগ্যাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।”
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়ে একটি আইনি প্রতিষ্ঠানের চিঠি পাঠানোর প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, এটি আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে। তবে শেখ হাসিনা নিজে এখনো আবেদন করেননি।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান পরে বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি।
“সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌ অনুরোধটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।”
এভাবে ল ফার্ম দিয়ে চিঠি পাঠানো আওয়ামী লীগের কোনো কৌশল হতে পারে মন্তব্য করে জাহেদ উর রহমান বলেন, “গতকাল আমরা দেখেছি, দিল্লিতে আমাদের প্রেস মিনিস্টার পরিষ্কারভাবে জানিয়েছেন, একটি ল ফার্ম থেকে চিঠি পেয়েছেন। তারা বলেছে, তাকে (শেখ হাসিনা) পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু তিনি কোনো অ্যাপ্লিকেশন করেননি।”
উপদেষ্টা বলেন, ভারত সরকারও শেখ হাসিনার সেখানে অবস্থানের বিষয়টি স্বীকার করেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে একাধিকবার যোগাযোগ করেছে।
“উনি যে ওখানে গেছেন, উনি যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতের পার্লামেন্টে এটার কথা ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। তো উনি ওখানে আছেন, ইটস কনফার্ম। এবং আমাদের কনভিকশন আছে, আর সেটা নিয়ে আমরা ফরমাল চ্যানেলে একাধিকবার তাকে চেয়েছি।”
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে জাহেদ উর রহমান বলেন, তিনি কীভাবে ফিরবেন, সেই প্রক্রিয়া মেনেই তাকে দেশে আনা হবে। রাষ্ট্র হিসেবে প্রত্যর্পণ চাওয়ার অধিকার বাংলাদেশের রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।
“কনভিক্টেড আসামি, তিনি পালিয়ে আছেন। সুতরাং তাকে আমরা যে প্রসেসে পাওয়ার কথা, সেই প্রসেসেই পেতে চাই। সেই প্রসেসে এটা ম্যাটার করে। আমি শুধু কী করতে চাইছি তা নয়, কীভাবে করব, প্রসেসটা কীভাবে প্রতিপালিত হবে, সেটাই আমাদের কাছে প্রশ্ন।”
অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে শেখ হাসিনা ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে যান। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেয়।
বাংলাদেশ সরকার এর আগে তাকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠালেও দিল্লি তাতে সাড়া দেয়নি।
