‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন, জামায়াতের পর্যবেক্ষণ
দলের মুখপাত্রের ভাষ্য, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করতে এমন কাজ করে থাকতে পারেন।
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়ে দুটি দিক থাকতে পারে বলে মনে করে জামায়াতে ইসলামী।
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার আবেদনের খবর সামনে আসার পর জামায়াতে ইসলামীর প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের দলের ভাষ্য তুলে ধরে বলেন, পাসপোর্ট চাওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার নতুন অবস্থানের পেছনে কৌশল অবলম্বন করে থাকতে পারেন তিনি। জনগণকে বিভ্রান্ত করছেন।
“এবং তিনি যেহেতু বলেছেন ‘আমি আসবো’; তার একটা প্রসেস তিনি দেখাচ্ছেন যে, ‘আমি এখন পাসপোর্টের জন্য, আমার এনআইডির জন্য চাচ্ছি; আমি খুব লয়াল একজন মানুষ বাংলাদেশের’।”
সোমবার সন্ধ্যায় ভিডিও বার্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব বলেন, ‘‘তার দলীয় নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়া যে, ‘আমি যে আসছি তার একটা প্রসেস আমি তোমাদের দেখাচ্ছি’।
‘‘শেখ হাসিনা তার রাজনীতিতে এবং তার অতীতের কর্মকাণ্ডে এ ধরনের কাজ তিনি করেছেন যেগুলো জনগণের কাছে হাস্যকর ছিল। এবং এমন কিছু কাজ করেছেন যেটি এই দায়িত্বে থেকে সাধারণত মেলে না, কিন্তু তার চরিত্রের সঙ্গে এগুলো মিলে যায় । তিনি এই ধরনের ফ্রড কাজ করতে পারেন, ফাউল কাজ করতে পারেন এবং মানুষকে অস্থির করার জন্য তিনি এই ধরনের কর্মকাণ্ড, কর্মসূচি তিনি নিতে পারেন। যেহেতু তিনি নেতাকর্মীদের ফেলে গেছেন, তাদের সান্ত্বনা দেওয়ার জন্য।’’
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে সোমবার খবর দেয় রয়টার্স।
এক প্রতিবেদনে রয়টার্স লিখেছে, আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা রয়টার্স দেখার সুযোগ পেয়েছে।
২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।
এ খবরের পর এ নিয়ে আলোচনা শুরু হলে তা নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম।
বিকালে এ নিয়ে প্রতিক্রিয়া আসে জামায়াতে ইসলামীর মুখপাত্রের তরফে।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার এমন পদক্ষেপের আরেকটি কারণ তুলে ধরে জামায়াতের এই মুখপাত্র বলেন, ‘‘আরেকটা কারণ আছে, পদ পদবি যাতে ঠিকমত থাকে, এটাও একটা কারণ। তিনি আসবেন না বললে তো স্বাভাবিকভাবে ছিন্ন কাউকে চেয়ার করতে হবে। দলীয় নেতা বানাতে হবে। ‘আমি আছি, আসছি’ এজন্য তিনি এটা বলছেন।’’
