‘ফ্যাসিস্টকে’ প্রতিহতে সংসদে প্রার্থনা ধর্ম প্রতিমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তার দেশে ফেরার চেষ্টা প্রতিহতে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণের পর মোনাজাতে তিনি এ প্রার্থনা করেন।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “রব্বুল আলামিন, এই সংসদে আপনি আমাদেরকে তৌফিক দিয়েছেন ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য আমাদের তৌফিক দিয়েছেন, আপনি দয়া করে আমাদেরকে তৌফিক দান করুন যাতে সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার কোনো প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা কেউ যদি করে, তাকে যাতে আমরা প্রতিহত করতে পারি।”
রাষ্ট্র ও সংসদের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ ব্যর্থ করে দেওয়ার প্রার্থনাও করেন তিনি।
মোনাজাতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রসঙ্গ টেনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী লিংকন।
তিনি বলেন, “রব্বুল আলামিন, এই নভেম্বর মাসে সিপাহী-জনতার বিপ্লব পরবর্তী জাতীয় সংহতি দিবসে সমস্ত দিশেহারা মানুষ যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দিকে আস্থার প্রতিফলন ঘটিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে এই জাতিকে উত্তরণের জন্য আপনার তৌফিক পেয়ে আজীবন চেষ্টা করে গেছেন, আপনি দয়া করে তাকে মাফ করুন।”
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্যও দোয়া করেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “সেই বহুদলীয় গণতন্ত্রকে জীবন দিয়ে লালন করে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সম্মান নিয়ে চলে গেছেন, আপনি আখেরাতেও তাকে সম্মানিত করুন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর কাছে শক্তি ও সামর্থ্য কামনা করেন শামীম কায়সার।
তিনি বলেন, “সামনের দিনেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, সরকারপ্রধান, যে ইনসাফভিত্তিক, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে এই রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে প্রতিফলন ঘটিয়েছেন, জনগণের আস্থায় আজকে দায়িত্ব পালন করছেন, দয়া করে তাকে আপনি আরো দৃঢ় এবং আরো সুদৃঢ়ভাবে এই রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন।”
এর আগে সংসদে সাবেক সংসদ সদস্য, গণপরিষদ সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রয়াত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর স্পিকারের অনুরোধে মোনাজাত পরিচালনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।
