জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই ট্রাকটি ঢাকায় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পলবান্ধা উজানপাড়া রেলক্রসিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান।
নিহতরা হলেন- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (২৯), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে বকুল মিয়া (২৮) এবং একই এলাকার রসুল মোল্লার ছেলে সোহেল (২১)। নিহতদের মধ্যে জিয়াউল হক ও বকুল মিয়া সম্পর্কে মামা-ভাগনে।
ওসি মিজানুর রহমান বলেন, দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী বকুল ও সোহেল ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত জিয়াউলকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে জামালপুরে জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা সুলতানা তমা বলেন, তিনজনের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়। পথে তারও মৃত্যু হয় বলে শুনেছেন তিনি।
ওসি মিজানুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
