৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে ইজিবাইককে চাপা দিল প্রাইভেটকার, নিহত ১

মধুপুর থেকে আনারস ভর্তি ইজিবাইক ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা প্রাইভেটকার সেটিকে চাপা দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 30 Oct 2026, 05:17 PM

Updated : 30 Oct 2026, 05:17 PM

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ইজিবাইকের এক চালক নিহত হয়েছে। আরও তিনজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের দেউলাবাড়ি বাস স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান।

নিহত ৫০ বছর বয়সি ইদ্রিস আলী খান মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নে লোকদেও গ্রামের মোয়াজ্জেমের হোসেনের ছেলে।

এ ঘটনায় আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাতে ওসি মোকছেদুর রহমান বলেন, মধুপুর থেকে আনারস ভর্তি একটি ইজিবাইক ঘাটাইলের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা প্রাইভেটকার সেটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন। গাড়িটিতে থাকা তিন যাত্রীও গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘাটাইল ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই, ঘটনাস্থলে একজনকে নিহত অবস্থায় দেখতে পাই। বাকি আহত ৩ জনকে স্থানীয়রা হাসপাতালে পাঠিয়েছে।”

ওসি মোকছেদুর রহমান বলেন, ঘটনার পর প্রাইভেটকারটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।

নিহতের লাশ থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।