১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

কুন্দারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Nov 2026, 08:05 PM

Updated : 17 Nov 2026, 08:05 PM

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুটি বালুবাহী ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার কুন্দারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন।

নিহত ওবায়দুল ইসলাম (২৭) যশোরের কেশবপুর উপজেলার পরচক্রা গ্রামের আজিবর মোড়লের ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রংপুর থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক বগুড়া-নাটোর মহাসড়ক দিয়ে যাচ্ছিল। কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা অপর একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন। খবর পেয়ে নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুন্দারহাট হাইওয়ে থানার ওসি আইয়ুব আলী বলেন, নিহতের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।