৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

টাঙ্গাইলে শিশুকে ‘ধর্ষণ’, থেঁতলে দেওয়া হল মুখ

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, শিশুটির নাক ফেটে গেছে এবং ঠোঁট সেলাই করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 31 Oct 2026, 10:00 PM

Updated : 31 Oct 2026, 10:05 PM

টাঙ্গাইল শহরে সাড়ে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ধর্ষণে বাধা দেওয়ায় শিশুটির মুখ ও নাক থেঁতলে দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের বড় কালীবাড়ি মার্কেটের চতুর্থ তলায় একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান।

শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছে।

হাসপাতালে শিশুটির মা বলেন, তিনি একটি পার্লারে কাজ করেন। আদালতপাড়ার বাসিন্দা বিপ্লব (২২) নামের এক যুবক সেই পার্লারে আসা-যাওয়া করেন। শুক্রবার বিকালে তিনি শিশুটি পার্লারের নিচে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

তিনি বলেন, কিছুক্ষণ পর বিপ্লব তিনটি চিপসের প্যাকেট নিয়ে তার কাছে যান। তখন মেয়ের কোথায় জানতে চাইলে, তিনি উল্টাপাল্টা কথা বলে বেরিয়ে যান।

“পরে হাসপাতাল থেকে জানতে পারি, আমার মেয়ে ধর্ষিত হয়েছে। তাকে এক রিকশাচালক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান শিশুটির মা।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, “প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন তাতে বলা যায়, শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। এ ছাড়া তার নাক ফেটে গেছে এবং ঠোঁট সেলাই করা হয়েছে।”

টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, “বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। সন্দেহভাজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”