১৭ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩

মাত্র ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত করে হত্যা

পাঁচ দিন আইসিইউয়ে চিকিৎসাধীন থাকার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 08:16 PM

Updated : 17 Oct 2026, 08:16 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাত্র দেড়শ টাকা ট্রাক্টর ভাড়াকে কেন্দ্র করে পাওনাদারের লাঠির আঘাতে আহত এক কৃষক মারা গেছেন।

টানা পাঁচ দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান।

নিহত আব্দুস সালাম মালিথা (৪৮) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ জানায়, ১২ অক্টোবর সন্ধ্যায় মোড়ভাঙা বাজারের একটি দোকানে জমি চাষের ১৫০ টাকা পাওনা নিয়ে আব্দুস সালামের সঙ্গে ট্রাক্টর মালিক আরিফ হোসেনের (২৫) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে আরিফ লাঠি দিয়ে সালামের মাথায় সজোরে আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় সালামকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান।

আলমডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় আগেই হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছিল, এখন সেটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। আরিফ হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।