২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গারোদের ফসল তোলার উৎসব ওয়ানগালা শেষ

শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দে হয় এই উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 08:28 PM

Updated : 22 Nov 2026, 08:28 PM

শস্যদেবতা মিসি সালজংয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও নতুন ফসল ঘরে তোলার আনন্দে শেরপুরের ঝিনাইগাতীতে শেষ হয়েছে গারো সম্প্রদায়ের অন্যতম বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা।

রোববার উপজেলার মরিয়মনগর উচ্চবিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।

এর আগে মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন ডি ক্রুশ।

উৎসব কমিটির আহ্বায়ক ও মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার লরেন্স রিবেরু বলেন, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে এখানে ওয়ানগালা উৎসব উদযাপন করা হচ্ছে। গারো সম্প্রদায়ের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। ফাদার লরেন্স রিবেরুর সভাপতিত্বে সভায় আর্চবিশপ বিজয় এন ডি ক্রুশ, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. শাহজাহান আকন্দ ও সদস্যসচিব মো. লুৎফর রহমান বক্তব্য দেন।

আয়োজকরা জানান, তিন দিনের উৎসবে শিশু-কিশোরদের গারো ভাষায় ছড়া আবৃত্তি, গান, নাচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ছিল মিস ওয়ানগালা প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গারো শিল্পীদের ব্যান্ড সংগীত পরিবেশনা ও পুরস্কার বিতরণী।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান। এর মধ্যে মান্দি ভাষায় বাণী পাঠ, খামালকে খুখুব ও থক্কা প্রদান, পবিত্র খ্রিস্টযাগ, প্রার্থনা ও নকগাথা অনুষ্ঠান ছিল উল্লেখযোগ্য। শেষ দিনে গারো সম্প্রদায়ের সনাতনী ধর্মবিশ্বাস অনুযায়ী ফসল কাটার প্রার্থনা বা থক্কা অনুষ্ঠিত হয়।

উৎসব ঘিরে বিদ্যালয় মাঠে অস্থায়ী মেলা বসে। সেখানে ঐতিহ্যবাহী পোশাক, খাবার ও শিশুদের খেলনাসহ নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলায় গারো সম্প্রদায়ের মানুষ ছাড়াও নানা শ্রেণি-পেশার দর্শনার্থীদের ভিড় জমে।

গারোদের বিশ্বাস, শস্যদেবতা মিসি সালজংয়ের আশীর্বাদেই ফসলের ভালো ফলন হয়। ‘ওয়ানা’ শব্দের অর্থ দেবদেবীর দানের দ্রব্যসামগ্রী এবং ‘গালা’ অর্থ উৎসর্গ করা। নতুন ফসল ঘরে তোলার পর দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন ফসল খাওয়ার অনুমতি প্রার্থনার মধ্য দিয়ে উদযাপিত হয় এ উৎসব, যা ‘একশ ঢোলের উৎসব’ নামেও পরিচিত।