শুরু হতে যাচ্ছে ‘দ্য ফ্লো ফেস্ট’: একাকিত্ব দূর করার নতুন উদ্যোগ
একাকিত্ব দূর করতে ঢাকাবাসীকে ঘরের বাইরে আসার আহ্বান।
বর্তমান প্রযুক্তির যুগে, ডিজিটাল মাধ্যমে একে অপরের সঙ্গে আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত হলেও, বাস্তব জীবনে পারস্পরিক দূরত্ব ও একাকিত্ব ক্রমশ যেন বেড়েই চলেছে।
সম্প্রতি রাজধানী ঢাকার ১ হাজার ৫শ’ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর ‘দ্য ফ্লো ফেস্ট’ পরিচালিত একটি যুব জরিপে দেখা গেছে, তরুণ প্রজন্মের মাঝে একাকিত্বই এখন নেতিবাচক অনুভূতি হিসেবে আবির্ভূত হয়েছে।
‘দ্য ফ্লো ফেস্ট’-এর প্রতিষ্ঠাতা যোগ-প্রশিক্ষক শাজিয়া ওমর বলেন, “সামাজিক সুস্থতা বা ‘সোশ্যাল ওয়েলবিয়িং’ সংক্রান্ত বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অনবরত প্রমাণিত হয়েছে যে, মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অর্থপূর্ণ সামাজিক যোগাযোগ এবং পারস্পরিক বন্ধন অপরিহার্য। সুস্থভাবে বেঁচে থাকার জন্য একসঙ্গে হাসা, গল্প করা, নতুন কিছু শেখা এবং কোনও একটি সম্প্রদায়ের অংশ হওয়া জরুরি।”
ঢাকাবাসীর এই একাকিত্ব দূর করতে এবং সমমনাদের সঙ্গে মেলবন্ধন তৈরি করে দিতে নভেম্বর মাসে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ এক উৎসব।
আসছে ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’
এই বছর ‘চলুন ঢাকাকে ঘরের বাইরে নিয়ে যাই’ মূল প্রতিপাদ্য সামনে রেখে, ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ঢাকার পূর্বাচলের জলসিঁড়িতে অবস্থিত, ‘ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জ’-এ এই উৎসবের আয়োজন করা হয়েছে।
“একটি সত্যিকারের উন্মুক্ত বহিরঙ্গন বা আউটডোর উৎসবের আনন্দময় আবহ তৈরি করতে এই তিনদিন বিভিন্ন ধরনের শারীরিক কসরত বা ‘মুভমেন্ট’, গান, সৃজনশীল কর্মকাণ্ড, খাবার এবং পারস্পরিক আড্ডার সুযোগ থাকবে”, বলেন শাজিয়া ওমর।
দর্শনার্থীরা চাইলে তাদের বন্ধুদের সঙ্গে নিয়ে বা একা এসেও এই উৎসবের খোলা মাঠে পিকনিকের কম্বল বিছিয়ে নতুন বন্ধু তৈরি করার অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সাজিয়া ওমরের কথায়, “মানুষ কখনও একা একা বা বিচ্ছিন্ন থেকে মানসিক ক্লান্তি কাটিয়ে উঠতে পারে না; বরং পারস্পরিক যোগাযোগের মাধ্যমেই প্রকৃত নিরাময় সম্ভব। আমরা মানুষের মধ্যে বন্ধুত্বকে আরও সহজ, সম্প্রদায়কে আরও অ্যাক্সেসযোগ্য এবং সুস্থতাকে একটি সম্মিলিত অভ্যাসে পরিণত করতে চাই।
এর জন্য কখনও কখনও কেবল একটু ঘরের বাইরে আসা, নতুন কোনও ক্লাসে যোগ দেওয়া বা কোনও অপরিচিত মানুষকে মৃদু ‘হ্যালো’ বলাই যথেষ্ট।”
উৎসবের বাইরেও সাপ্তাহিক আয়োজন
কেবল তিন দিনের এই উৎসবই নয়, উৎসবের পরেও একেকজনের সঙ্গে দীর্ঘমেয়াদী যোগাযোগ ও বন্ধুত্ব বজায় রাখতে ‘দ্য ফ্লো ফেস্ট’ ঢাকা শহরের বিভিন্ন স্থানে নিয়মিত তিনটি সাপ্তাহিক কার্যক্রম পরিচালনা করবে।
ফ্রাইডে ফ্লো ওয়াকস: প্রতি শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ‘জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্ক’-এ যৌথভাবে হাঁটা, গল্প করা এবং নতুন বন্ধু তৈরির এই আয়োজন করা হবে।
স্যাটারডে স্পিড ফ্রেন্ডিং: প্রতি শনিবার বিকাল ৫টায় ‘হিরোশি রামেন’ রেস্তোরাঁয় বিষয়-ভিত্তিক আলোচনা ও সাধারণ কৌতুকের মাধ্যমে নতুন মানুষদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকবে।
ফ্লো উইকেন্ড রিট্রিটস: যান্ত্রিক শহরের কোলাহল থেকে দূরে সরে গিয়ে প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে এবং গভীর বন্ধুত্ব গড়ে তুলতে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে বিশেষ ভ্রমণের আয়োজন করা হবে।
নভেম্বরের এই উৎসবে অংশ নিতে এবং বিস্তারিত জানতে ওয়েবসাইট theflowfest.com-এ যোগাযোগ করা যেতে পারে।
