১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জলসিঁড়িতে শুরু হল তিন দিনের ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভল’

জুম্বা, ইয়োগা, শেয়ারাপি ইয়োগা, বক্সিং, মানসিক স্বাস্থ্য সেশন কনসার্ট বাউল গান-সহ নানান আয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 08:47 PM

Updated : 12 Nov 2026, 08:49 PM

‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগানকে সামনে রেখে রাজধানীর জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে শুরু হয়েছে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্টিভল’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) শুরু হওয়া তিন দিনের এই উৎসব চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

গুলশানের বাইরে এটিই দ্য ফ্লো ফেস্টের প্রথম আয়োজন এবং এই উৎসবের মাধ্যমেই ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জের আনুষ্ঠানিক যাত্রা শুরু হল।

উৎসবের ছয়টি আলাদা বিভাগে জুম্বা, এনিমেল ইয়োগা, ফেন্সিং, বক্সিং, চিত্রাঙ্কন, অরিগামি, গল্প বলা এবং মানসিক স্বাস্থ্যবিষয়ক উন্মুক্ত আলোচনা বা ‘শেয়ারাপি’ সেশনে প্রথম দিন থেকেই স্কুল শিক্ষার্থীসহ সব বয়সিদের অংশগ্রহণ দেখা যায়।

আয়োজকদের মতে, এটি কেবল একটি বিনোদনমূলক উৎসব নয়; বরং আধুনিক বিজ্ঞান, মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রাচীন জীবনদর্শনের সমন্বয়ে সুস্থ ও আনন্দময় জীবনযাপনের একটি উন্মুক্ত শিক্ষাকেন্দ্র।

কোনও সংকোচ ছাড়াই মানসিক ও শারীরিক সহায়তা চাওয়ার সংস্কৃতি গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা সাজিয়া ওমর বলেন, “কেউ যদি শুধু কনসার্ট বা পিকনিকের আমেজে এসেও এখান থেকে কোনও নতুন অনুশীলন, নতুন বন্ধুত্ব বা সাহায্য চাওয়ার সাহস নিয়ে বাড়ি ফেরেন, তবেই আমাদের সার্থকতা। সুস্থতা কোনও বিলাসিতা নয়; বরং এটি সবার নাগালের মধ্যে থাকা একটি স্বাভাবিক জীবনধারা হওয়া উচিত।”

প্রথম দিনের উল্লেখযোগ্য আয়োজন

বৃহস্পতিবার সকালে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ইনায়ার পরিচালনায় জুম্বা, জাহরার সঙ্গে ইয়োগা, ফারিয়ার সঙ্গে অ্যানিমেল ইয়োগা, ‘ঢাকা জঙ্গল’-এর বাগানচর্চা, তন্ময়ের কার্টুন অঙ্কন এবং চিত্র কারখানার আপসাইক্লিং কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিকেলে ছিল কল্পতরুর শাস্ত্রীয় নৃত্য, ইশের ‘সোল গ্রুভ’, ওহামার পোর্ট্রেট অঙ্কন, সৃজনশীল লেখালেখি, সানজিদার বক্সিং এবং সিনার হুলা হুপ সেশন।

একাকী আসা দর্শনার্থীদের নতুনদের সঙ্গে পরিচিত হওয়ার জন্য ছিল ‘স্পিড ফ্রেন্ডিং’ এবং পুরুষদের মানসিক চাপ ও সহায়তা চাওয়ার বিষয়ে নাশিদের পরিচালনায় ‘শেয়ারাপি উইথ মেনস টেবিল’।

বিকেল ৪টায় পরশের বাউল গানের পর সন্ধ্যা সাড়ে ৫টায় জোহাদ রেজা চৌধুরীর নেতৃত্বে ব্যান্ড ‘নেমেসিস’-এর পরিবেশনার মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন শেষ হয়।

পরবর্তী দুই দিনের আয়োজন

শুক্রবার (১৩ নভেম্বর): সকাল ১০টায় ইয়োগা ও মাইন্ডফুল আর্ট দিয়ে দিন শুরু হবে। দুপুরে থাকছে ম্যাট পিলাটেস, কিশোরদের লেখালেখির কর্মশালা এবং ডা. আরমান ও ডন সামদানির বিশেষ আলোচনা।

বিকেল ৪টায় থাকছে রিকশা আর্ট ও বিকাশ নিবেদিত আমিন হান্নানের স্ট্যান্ড-আপ কমেডি এবং সন্ধ্যা সাড়ে ৫টায় ব্যান্ড ‘ক্যাসেট’-এর কনসার্ট।

শনিবার (১৪ নভেম্বর): সকাল ১০টায় ‘এসওয়াইএম সোসাইটি’র মর্নিং গ্রুভের পাশাপাশি থাকছে ইউনি ফুটি টুর্নামেন্ট এবং ফ্লো কর্পোরেট চ্যালেঞ্জ।

দুপুর ১টায় নারীদের আত্মরক্ষা (সেলফ-ডিফেন্স) প্রশিক্ষণ, বিকেল ৩টায় ‘পার্পল পোয়েট্রি’ এবং সাজিয়া ওমরের সঞ্চালনায় সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা সাড়ে ৫টায় ‘তুই’ -এর পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামবে এই উৎসবের।

উৎসবজুড়ে ‘দ্য ফ্লো মার্কেট’-এ থাকছে বিভিন্ন ওয়েলনেস ব্র্যান্ড, থ্রিফট শপ এবং বাহারি খাবারের স্টল, যেখানে নতুন উদ্যোগ হিসেবে যুক্ত হয়েছে বেয়ার, ব্লসম এবং ভর্তা ব্রোস।

সময়সূচি, প্রবেশমূল্য ও যাতায়াত

১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জলসিঁড়ির ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে এই উৎসব চলবে। এক দিনের প্রবেশমূল্য ৩৫০ টাকা। পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে গুলশান-২ এর ফ্লো স্টুডিও থেকে বিনামূল্যে শাটল বাসের ব্যবস্থা রাখা হয়েছে।

টিকিট ও বিস্তারিত তথ্যের জন্য quicket.me/events/winter-flow এবং ://theflowfest.com ওয়েবসাইটে ভিজিট করা যাবে।

ছবি: দ্য ফ্লো ফেস্ট।