‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’: দ্বিতীয় দিনে নাচ, যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য চর্চায় মুখর প্রাঙ্গণ
কোনও সংকোচ ছাড়াই মানসিক ও শারীরিক সহায়তা চাওয়ার সংস্কৃতি গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য।
‘ঢাকা, লেটস গো আউটসাইড’ স্লোগান নিয়ে রাজধানীর জলসিঁড়িতে অবস্থিত ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে জমকালো আয়োজনে চলছে ‘দ্য ফ্লো ফেস্ট’-এর পঞ্চম আসর ‘উইন্টার ওয়েলনেস ফেস্ট’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) উদ্বোধনের পর শুক্রবার (১৩ নভেম্বর) উৎসবের দ্বিতীয় দিনেও সব বয়সি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সবুজ মাঠ জুড়ে ছিল শরীরচর্চা, সৃজনশীলতা এবং পারস্পরিক মেলবন্ধনের আবহ।
আয়োজকদের মতে, এটি কেবল একটি বিনোদনমূলক উৎসব নয়; বরং আধুনিক বিজ্ঞান, মানসিক স্বাস্থ্যসেবা এবং প্রাচীন জীবনদর্শনের সমন্বয়ে সুস্থ ও আনন্দময় জীবনযাপনের একটি উন্মুক্ত শিক্ষাকেন্দ্র।
দ্বিতীয় দিনের উল্লেখযোগ্য আয়োজন
শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় ইয়োগা, মেডিটেইশন বা ধ্যান, মাইন্ডফুল আর্ট এবং গল্প বলার আসরের মধ্য দিয়ে। এরপর দিনভর চলে ‘সোল গ্রুভ’, ম্যাট পিলাটেস, ওডিসি, লাতিন ও সমসাময়িক নৃত্য, সালসা এবং সাউন্ড হিলিং সেশন।
‘কানেকশন স্টেজ’-এ ‘দ্য সুখী ওয়ে’ এবং জনসমক্ষে কথা বলার কৌশল (পাবলিক স্পিকিং) নিয়ে বিশেষ আলোচনা করেন ডা. আরমান এবং ডন সামদানি। পাশাপাশি ইউনাইটেড এবং ‘ইগিয়ে’-এর সহযোগিতায় চলে মানসিক স্বাস্থ্যবিষয়ক উন্মুক্ত আলোচনা বা ‘শেয়ারাপি’ সেশন।
বিকেলের আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে ‘স্পিড ফ্রেন্ডিং’, আর্ম রেসলিং বা পাঞ্জা লড়াই, ঐতিহ্যবাহী রিকশা আর্ট এবং বিকাশ নিবেদিত আমিন হান্নানের গেইম সেগমেন্ট।
সন্ধ্যা সাড়ে ৫টায় ব্যান্ড ‘ক্যাসেট’-এর কনসার্টের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটে।
সমাপনী দিনের আয়োজন (শনিবার, ১৪ নভেম্বর)
তিন দিনের এই উৎসবের শেষ দিন শনিবার সকাল ১০টায় ‘এসওয়াইএম সোসাইটি’র মর্নিং গ্রুভের মাধ্যমে দিন শুরু হবে। এরপর থাকছে দ্য ফ্লো ফেস্টের প্রতিষ্ঠাতা সাজিয়া ওমরের সঞ্চালনায় সাহিত্য আলোচনা (লিটারারি টকস), আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ফ্লো কর্পোরেট চ্যালেঞ্জ।
সন্ধ্যা সাড়ে ৫টায় ব্যান্ড ‘তুই’-এর পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
উৎসবজুড়ে ‘দ্য ফ্লো মার্কেট’-এ থাকছে বিভিন্ন ওয়েলনেস ব্র্যান্ড, থ্রিফট শপ এবং বাহারি খাবারের স্টল, যেখানে নতুন উদ্যোগ হিসেবে যুক্ত হয়েছে ‘বেয়ার অ্যান্ড ব্লুম’ এবং ‘ভর্তা ব্রোস’।
সময়সূচি, টিকিট ও যাতায়াত
শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জলসিঁড়ির ফোর্টিস প্ল্যাটিনাম লাউঞ্জে এই উৎসব চলবে। এক দিনের প্রবেশমূল্য ৩৫০ টাকা এবং পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রবেশ বিনামূল্যে।
দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে নির্ধারিত পিকআপ পয়েন্ট (গুলশান-২ এর ফ্লো স্টুডিও) থেকে বিনামূল্যে শাটল বাসের ব্যবস্থা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে দর্শনার্থীদের সঙ্গে করে ইয়োগা ম্যাট, পিকনিক চাদর এবং পানির বোতল আনার পরামর্শ দেওয়া হয়েছে।
নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য ://theflowfest.com ওয়েবসাইটে ভিজিট করা যাবে।
