২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচতলার ‘জানালা দিয়ে পড়ে’ সিয়ামের মৃত্যু: ৩ সহকর্মী তিন দিনের রিমান্ডে

সিয়ামের বাবা বলেন, “পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছে বা মেরে জানালা দিয়ে ফেলে দিয়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:26 PM

Updated : 24 Nov 2026, 05:35 PM

বিমানবন্দর থানা এলাকার একটি আবাসিক হোটেলের পাঁচতলার জানালা দিয়ে নিচে পড়ে মাহমুদুল হাসান সিয়ামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত মঙ্গলবার এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-রিসান, মীম চৌধুরী এবং আমিরা খান।

গেল ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের হোটেল অ্যাম্বাসেডর ভবন থেকে পড়ে মারা যান ১৭ বছরের সিয়াম। এই তরুণ মডেলিংয়ের কাজ করতেন। ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বানিয়াবাড়ি গ্রামের সেলিম মিয়ার ছেলে সিয়াম।

এ ঘটনায় ওইদিরই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মী রিসান, মীম চৌধুরী এবং আমিরা খানকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

যদিও তাদের ভাষ্য, ‘ছবি তুলতে গিয়ে’ পড়ে যান সিময়া। পরদিন এই তিনজনকে কারাগারে পাঠানো হয়।

এর পরে ১০ নভেম্বর এই তিন আসামির সঙ্গে হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামাদের আসামি করে সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হত্যার অভিযোগ এনে মামলা করেন।

৫৪ ধারায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকে তিন আসামিকে ১২ নভেম্বর হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর ১৪ নভেম্বর তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির দিন গত ১৭ নভেম্বর রেখেছিলেন। তবে ওইদিন আমিরাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এজন্য মঙ্গলবার রিমান্ড বিষয়ে শুনানির দিন রাখা হয়।

এদিন শুনানির সময় তিন আসামিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন- অর-রশীদ এবং বাদীপক্ষে আবজাল হোসেন মৃধা রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।

রিসান ও মীম চৌধুরীর পক্ষে আমির উদ্দিন মাহমুদ (বায়েজিদ) এবং আমিরা খানের পক্ষে ফয়সাল মাহমুদ শাওন রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন। এ ঘটনাকে তারা ‘দুর্ঘটনা’ দাবি করে বলেন, “সেলফি তুলতে গিয়ে সিয়াম পড়ে গিয়ে মারা গেছে। তারা হত্যা করলে তো পালিয়ে যেত। তারা পালায়নি বরং ভিকটিমকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।”

প্রসিকিউটর হারুন-অর-রশীদ বলেন, “আসামিরা ঘটনার সময় বলছে সাড়ে ৪টা। অথচ ভিকটিম তার ইন্সটাগ্রামে সন্ধ্যা সাড়ে ৫টায় ছবি আপলোড করেছেন। আসামিদের কথার সঙ্গে মামলার ঘটনার মিল নাই। আর হত্যাকাণ্ডের ওই ৩০ মিনিটের সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন।”

শুনানি নিয়ে আদালত তিন আসামির তিন দিনের রিমান্ডে আদেশ দেয়।

বাদী সেলিম মিয়া মামলায় অভিযোগ করে বলেন, সিয়াম পড়াশোনার পাশাপাশি মডেলিং করত। শুটিংয়ের জন্য উত্তরাসহ ঢাকার বিভিন্ন হোটেলে থাকত। গত ৩ নভেম্বর থেকে উত্তরার-১ নং সেক্টরের হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর রুম ভাড়া করে শুটিংয়ের কাজ করছিল। তিনি ৭ নভেম্বর রাতে খবর পান, বিকেল সাড়ে ৪ টার দিকে সিয়াম রুমের জানালা দিয়ে পড়ে গিয়ে মারা গেছে।

উত্তরার মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সিয়ামের লাশ দেখতরে পান পরিবারের সদস্যরা। পরে বিমানবন্দর থানায় যান তারা। সেখানে পুলিশের হাতে আটক রিসান, মীম ও আমিরাদের কাছে সিয়ামের মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসা করেন সেলিম মিয়া।

মামলায় তিনি অভিযোগ করেছেন, “তারা এলোমেলো ভিত্তিহীন তথ্য দেয়, একেক জন একেক রকমের তথ্য দেয় এবং বিভিন্ন তথ্য গোপন করে। রিসান, মীম ও আমিরসহ অন্যান্যরা পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছে বা মেরে জানালা দিয়ে ফেলে দিয়েছে।”