১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

সুন্দরবনে পর্যটকের লাশ: বন্ধ হচ্ছে কাঠের ট্রলারে রাত্রিযাপন

তবে একদিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই বহাল থাকবে বলে জানিয়েছে বন বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Nov 2026, 10:19 PM

Updated : 11 Nov 2026, 10:19 PM

পর্যটক নিখোঁজের পর মৃতদেহ উদ্ধারের ঘটনায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঠের তৈরি ট্রলারে রাত্রিযাপন করে ভ্রমণের অনুমতি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বন বিভাগ।

রোববার ও সোমবার খুলনা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আলাদ দুটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে একদিনের ভ্রমণের অনুমতি আগের নিয়মেই বহাল থাকবে।

বুধবার খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, “আপাতত সাতক্ষীরা রেঞ্জ থেকে কাঠবডির ট্রলারে তিন দিনের পারমিশন বন্ধ রাখা হয়েছে। তবে একদিনের পারমিশন পূর্বের নিয়মেই চলবে। তিন দিনের পারমিশন বন্ধের বিষয়ে পরিপত্র জারির প্রস্তুতি চলছে।”

তবে নিষেধাজ্ঞা কত দিন স্থায়ী হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত অনির্দিষ্টকালের জন্য এটি বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে।

বন বিভাগ থেকে জানা গেছে, ৬ নভেম্বর পশ্চিম সুন্দরবনের শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে নিখোঁজ হন ময়মনসিংহের ভালুকার পর্যটক রিয়াজ আহমেদ। দুই দিন পর আলোরকোল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা কথা ভেবে কাঠের তৈরি ট্রলারে তিন দিনের ভ্রমণ ও রাত্রিযাপনের অনুমতি বন্ধের সিদ্ধান্ত নেয় বন বিভাগ।

তবে হঠাৎ বন বিভাগের এমন কঠোর পদক্ষেপে স্থানীয় ট্রলার মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে।

মুন্সিগঞ্জ ট্রলার মালিক সমিতির ক্যাশিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রায় ৩৫ বছর ধরে মুন্সিগঞ্জ থেকে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করছেন, কিন্তু এমন ঘটনা আগে ঘটেনি। এটি অত্যন্ত দুঃখজনক।

“পারমিশন বন্ধের বিষয়ে আমরা সমিতির মালিক ও শ্রমিকরা মিলে আলোচনা করে বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) সঙ্গে দেখা করব,” বলেন তিনি

সুন্দরবন অঞ্চলের পরিবেশকর্মী পরিতোষ কুমার বৈদ্য বলেন, সড়কপথে সুন্দরবন ভ্রমণে সাতক্ষীরার পশ্চিম সুন্দরবনের গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। যেপথেই ভ্রমণ করা হোক না কেন, ট্রলার ছাড়ার পর থেকেই শুরু হয় প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

নদীর দুই পাশে সারি সারি গরান, গেওয়া, কেওড়া ও সুন্দরী গাছের সবুজ দেয়াল এবং মাঝ দিয়ে বয়ে চলা খোলপেটুয়া, কালিন্দী, কপোতাক্ষ ও রায়মঙ্গল সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। ভাটার সময় জেগে ওঠা চরে লাল কাঁকড়ার ছোটাছুটি কিংবা জোয়ারের সময় ডলফিনের লাফ দেখার মতো রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য সাতক্ষীরা রুটটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন, সুন্দরবনের পর্যটন ব্যবস্থাপনায় নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটকদের জীবন রক্ষা এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ভ্রমণের সঙ্গে জড়িত স্থানীয় ট্রলার মালিক, মাঝি, পেশাজীবীদের জীবিকা ও ব্যবসার বিষয়টিও সমানভাবে জরুরি বলে জানান তিনি।

পরিবেশকর্মী নিলীমা রাণী বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল পর্যটন নিশ্চিত করার মধ্য দিয়ে সুন্দরবনের সৌন্দর্য যেন দর্শনার্থীদের জন্য আশীর্বাদ হয়ে থাকে, এমটা সবার প্রত্যাশা। ভবিষ্যতে ভ্রমণপিপাসুদের জন্য আরও বেশি নিরাপত্তা ও উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে সুন্দরবনের এই অপার দুয়ার পুনরায় উন্মুক্ত হবে।