দেশের তৈরি স্যাটেলাইট ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন বলে তথ্য দিয়েছেন তারেক রহমান।
বাংলাদেশের তৈরি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ আগামী তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাটে বৃহস্পতিবার প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্যে প্রধানমন্ত্রী এই পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “দেশের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে মহাকাশে পাঠানো হবে ইনশাআল্লাহ। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।”
তরুণ গবেষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, “আপনারা স্পারসোর নাম শুনেছেন। আমরা অলরেডি কাজে হাত দিয়েছি। আগামী তিন বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব। আমাদের বিজ্ঞানীরা এ নিয়ে কাজ করছেন। তারা সবাই বাংলাদেশের বিজ্ঞানী।’
লারমনিরহাটে এয়ারঅ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দুইদিনব্যাপী এই অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণকারী অংশ নেয়। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স এবং সকার বট এই ৪টি বিভাগে এই প্রতিযোগিতা হচ্ছে।
তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, “প্রযুক্তিগত বিপ্লবের এই যুগে দেশের তরুণ প্রজন্ম যথাযথ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা, গবেষণার সুযোগ এবং আধুনিক গবেষণাগার ও ইনকিউবেশন সুবিধা পেলে বৈশ্বিক উদ্ভাবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। এ জন্য প্রয়োজন একটি কার্যকর ও মেধাভিত্তিক ইকোসিস্টেম গড়ে তোলা। বর্তমান সরকার সেই পরিবেশ তৈরিতে কাজ করছে।”
বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে মন্তব্য করে তারেক রহমান বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের এখন থেকেই নিজেদের যোগ্য ও দক্ষ করে গড়ে তুলতে তাগিদ দেন। তিনি বলেন, “শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে।”
বর্তমান সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের একমাত্র এভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যেন বাধা হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সঠিকভাবে এই অর্থ ব্যবহারের পরও প্রয়োজন হলে সরকার আরও অর্থ বরাদ্দ দেবে। তবে তরুণদের এগিয়ে যেতে হবে এবং নতুন নতুন উদ্ভাবনে মনোযোগী হতে হবে।”
অনুষ্ঠানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু বক্তব্য দেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করেন এবং ক্যাস্পাসে বৃক্ষরোপন করেন।
