জয়পুরহাটের বাড়ি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
আবু হাসনাত হিমেল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংগঠনটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে (৩৩) বৃহস্পতিবার ভোরে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান।
আবু হাসনাত হিমেল রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করেছিলেন।
আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ১১ নভেম্বর আক্কেলপুর পৌর শহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের পৌর সভাপতি, পৌর যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
তাদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়।
ওই মামলার তদন্তে আবু হাসনাত হিমেলের সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
