নগর পরিকল্পনা ব্যবসায়ী ও আমলাদের হাতে ছেড়ে দেওয়া যাবে না: আদিল মুহাম্মদ খান
১০০ নম্বরের মানদণ্ডে ঢাকা ৪০ দশমিক ৩ পেলেও বিভাগীয় শহর ময়মনসিংহ পেয়েছে মাত্র ১৮ দশমিক ৭ নম্বর।
স্থানীয় সরকার ও জনগণকে পাশ কাটিয়ে কিছু ব্যবসায়ী এবং আমলাদের হাতে শহরের পরিকল্পনা ছেড়ে দেওয়ার কারণেই ঢাকার পাশাপাশি দেশের ‘সব শহর আজ ধুঁকছে’ বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের-আইপিডি নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে শনিবার নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ-ইউডিজেএফবি আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক এক নগর সংলাপে তিনি কথা বলছিলেন।
সংলাপে অংশ নিয়ে আদিল মুহাম্মদ খান বলেন, "ঢাকার যত পরিকল্পনা হচ্ছে, কখনো আবাসন ব্যবসায়ী, কখনো শিল্প ব্যবসায়ীরা ঢাকা শহরের প্ল্যানকে ওলটপালট করে দিচ্ছে। তারা রাতের অন্ধকারে গিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করে, পরের দিন সকালবেলা আপনারা নিউজ করেন ড্যাপের সংশোধন হয়েছে। কোথায় কমিউনিটি, কোথায় করপোরেশন, কোথায় তার মেয়র- কেউ জানে না।
“এভাবে মানুষের ভাগ্য ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের কাছে ছেড়ে দেওয়া হলে আমাদের এবং পরবর্তী প্রজন্মের ভাগ্য আরও খারাপ হবে।"
দেশের সব শহরেরই বাতাস ও পানির মান ‘খারাপ’ মন্তব্য করে এই নগর পরিকল্পনাবিদ বলেন, "আমরা প্রায়ই ভাবি ঢাকা ধুঁকছে, ঢাকা সবচেয়ে খারাপ; আসলে সব শহরই ধুঁকছে। অক্সফোর্ড ইকোনমিকসের 'গ্লোবাল সিটিজ ইনডেক্স ২০২৬'-এ অর্থনীতি, মানবসম্পদ, জীবনমান, পরিবেশ ও সুশাসনের ওপর ভিত্তি করে বিশ্বের ১ হাজার শহরের র্যাংকিং করা হয়েছে। সেই র্যাংকিংয়ে ঢাকার অবস্থান ৫১৫তম; আর ঢাকার বাইরে বাংলাদেশের আরও সাতটি শহর তালিকায় আছে, যেগুলোর অবস্থান ঢাকার চেয়েও পেছনে।"
সূচকের তথ্য তুলে ধরে তিনি বলেন, তালিকায় থাকা দেশের অন্য শহরগুলোর মধ্যে চট্টগ্রাম ৭৩৩, রাজশাহী ৭৮৯, খুলনা ৮১১, সিলেট ৮৩৪, কুমিল্লা ৮৯৫, ময়মনসিংহ ৮৯৫ এবং বগুড়া ৯২৬তম অবস্থানে রয়েছে।
১০০ নম্বরের মানদণ্ডে ঢাকা ৪০ দশমিক ৩ পেলেও বিভাগীয় শহর ময়মনসিংহ পেয়েছে মাত্র ১৮ দশমিক ৭ নম্বর।
নগর পরিকল্পনা থেকে স্থানীয় সরকারকে সম্পূর্ণ ‘বিচ্ছিন্ন করে রাখা হয়েছে’ অভিযোগ করে আদিল মুহাম্মদ খান বলেন, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো মনে করে রাস্তা পরিষ্কার করা, ময়লা-আবর্জনা পরিষ্কার করা আর ডেঙ্গুর মশা মারা ছাড়া তাদের কোনো কাজ নেই।
পরিকল্পনায় যে তাদের অংশীদারত্ব আছে, এটা তারা নিজেরাও বিশ্বাস করে না; আবার আমলানির্ভর উন্নয়ন কর্তৃপক্ষগুলোও তাদের গোণে না।
উদাহরণ টেনে তিনি বলেন, "ড্যাপ ২০২২ তৈরি করার পর চার বছরের মধ্যে তিনটি সরকার তিনবার তা সংশোধন করেছে। অথচ স্থানীয় সরকারের কোনো মেয়রকে জিজ্ঞেসও করা হয়নি, কিংবা মেয়ররাও সরকারকে প্রশ্ন করেননি যে আমাদের না জানিয়ে শহরের পরিকল্পনা কীভাবে পরিবর্তন করছেন। সর্বশেষ ড্যাপ সংশোধনে ঢাকার অন্যতম জনবহুল ও পরিবেশ দূষিত এলাকা জুরাইনে একটি উন্মুক্ত জায়গা ধ্বংস করে নতুন শিল্পকারখানা করার অনুমোদন দেওয়া হলো; সেখানেও মেয়র বা জুরাইনবাসীর কোনো মতামত নেওয়া হয়নি।"
একইভাবে আবাসিক এলাকায় চার-পাঁচতলা ভবনের মাঝে স্থানীয় কাউন্সিল ও বাসিন্দাদের মতামত না নিয়েই উন্নয়ন কর্তৃপক্ষ ১৪ তলা ভবনের অনুমোদন দিচ্ছে এবং এর ফলে জনসংখ্যার চাপ বেড়ে বারবার রাস্তা খোঁড়াখুঁড়ি ও নাগরিক পরিষেবার সংকট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
দুর্নীতির সুযোগ তৈরি করতেই নগরে 'পরিকল্পনার জট ও সংস্থার জট' তৈরি করে রাখা হয়েছে উল্লেখ করে আইপিডির নির্বাহী পরিচালক বলেন, "ঘোলা পানিতে মাছ শিকার সহজ করার জন্যই এই জটগুলো তৈরি করা হয়েছে, আর সেই মাছ শিকারটা হচ্ছে দুর্নীতি। স্থানীয় সরকার সংস্কার কমিশনে প্রস্তাব এসেছিল নগর সরকার গঠন করে সব সংস্থাকে এক ছাতার নিচে আনার।
“অথচ প্রাতিষ্ঠানিক সংস্কার না করে একের পর এক সরকার এসে আমলাদের নেতৃত্বে নতুন নতুন উন্নয়ন কর্তৃপক্ষ তৈরি করছে। কুমিল্লায় সিটি করপোরেশন থাকার পরও নতুন করে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ করা হয়েছে, যা পরিকল্পনার নতুন জট ও দ্বন্দ্ব তৈরি করবে।"
দলীয়করণ এবং নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় স্থানীয় সরকার ব্যবস্থা 'মৃতপ্রায়' হয়ে পড়েছে বলে মন্তব্য করে তিনি।
তার কথায়, "অন্তর্বর্তী সরকারের দুই বছরে আমরা দেখেছি সিলেক্টেড (মনোনীত) প্রশাসক, আর এখন হচ্ছে দলীয় প্রশাসক। জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় মানুষের আস্থার জায়গাটা আরও দুর্বল হয়ে গেছে। আড়াই বছর ধরে দেশের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোতে ওয়ার্ড কাউন্সিলর নেই; প্রশাসক বসিয়ে তো স্থানীয় সরকার তৈরি করা যায় না।"
পার্কে ও খেলার মাঠে দখলদারত্বের সমালোচনা করে আদিল মুহাম্মদ খান বলেন, "গুলশান ইয়ুথ ক্লাব যে মাঠটা দখল করে রেখেছে, রাজউক তাদের লিজ দিয়েছে এবং সেই ফিতা কাটার অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের লোক ও পূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীরাও থাকেন। জনগণের একটা সম্পত্তি ফিতা কেটে অন্যের কাছে দিয়ে দেওয়া হচ্ছে এবং এতে কারও লজ্জাবোধও নেই।
“এছাড়া অনেক বেসরকারি আবাসন প্রকল্পে ডেভেলপার কোম্পানির দাপটে সিটি করপোরেশন ও উন্নয়ন সংস্থাগুলো ঢুকতেও পারে না।”
সংকট উত্তরণে সিটি করপোরেশন আইন সংশোধন করে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় প্রতিনিধিদের সমন্বয়ে ১০ থেকে ১২ সদস্যের 'ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি' গঠন, ২০০৯ সালের আইন অনুযায়ী মেয়রদের বোর্ড সভা কার্যকর করা এবং ডেঙ্গু প্রতিরোধ ও মাঠ-পার্ক রক্ষায় স্থানীয় কমিউনিটিকে সম্পৃক্ত করার তাগিদ দেন আদিল মুহাম্মদ খান।
ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হাসান ইমনের তত্ত্বাবধানে আয়োজিত এ সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকৌশলী ও পরিকল্পনাবিদ মো. নুরুল্লাহ।
সংলাপ শেষে 'বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড' প্রদান এবং ফোরামের ম্যাগাজিন ‘'ঢাকাই'-এর মোড়ক উন্মোচন করার কথা রয়েছে।
