১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 04:50 PM

Updated : 19 Nov 2026, 04:50 PM

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা দাবিতে আজও গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। শ্রমিকদের আন্দোলনের মুখে ৫০টি কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নগরের শ্রীপুরের আনসার রোড, গড়াগড়িয়া মাস্টার বাড়িসহ বিভিন্ন স্থানে কারখানায় কাজে যোগ না দিয়ে লাঠিসোঁটা হাতে মহাসড়কে অবস্থান নেন শ্রমিকরা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গাজীপুরের সদর ও শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মক্ষেত্রে যান। তবে তারা কাজে যোগ না দিয়ে ভেতরে অবস্থান নেন।

এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধ তৈরি করেন। এতে মহাসড়কে যানচলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এ ছাড়া মহাসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন শ্রমিকরা। পরিস্থিতি বিবেচনায় আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিলে বেলা ১২টার দিকে মহাসড়কে যানচলাচল শুরু হয়।

তবে শ্রীপুরে বিক্ষিপ্ত কিছু আন্দোলন ছাড়া সকাল ৮টা থেকে বেশিরভাগ কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শান্তিপূর্ণ পরিবেশে চলছে উৎপাদন কার্যক্রম।

শিল্পাঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন, চান্দনা চৌরাস্তা, মাস্টার বাড়ি, শ্রীপুরের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাজীপুরে বিভিন্ন কারণে ৫০টি কারখানা বন্ধ রেখেছে মালিকপক্ষ।

পরিস্থিতি বিবেচনায় শিল্প পুলিশ, থানা পুলিশ, বিজিবি, আনসার ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।