১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘলা বৃষ্টির দিনে ঘুমঘুম ভাব ও আলসেমি কাটানোর ৫ উপায়

সূর্যের আলোর অভাব, এক জায়গায় বসে কাজ করা বা মুখরোচক খাবার খাওয়া- এসব ঘুমঘুম ভাব বাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 04:48 PM

Updated : 19 Nov 2026, 04:52 PM

শীতের আগমনী বার্তার মাঝেই আকাশ মেঘলা হয়ে ঝিরঝিরে বৃষ্টি নামলে শরীরে এক ধরনের অদ্ভুত অলসতা ও ঘুমঘুম ভাব জেঁকে বসে।

অফিসের ডেস্কে বসে কাজ করা হোক বা বাড়ির দৈনন্দিন কাজ- কোনও কিছুতেই যেন মন বসতে চায় না। চিকিৎসাবিজ্ঞান ও আবহাওয়া গবেষকদের মতে, এটি কেবল মনের অলসতা নয়; বরং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে শরীরের হরমোনের সরাসরি প্রতিক্রিয়ার ফল।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া ও বিজ্ঞানবিষয়ক প্ল্যাটফর্ম ‘দ্য ওয়েদার চ্যানেল’-এ প্রকাশিত এক প্রতিবেদনে ঘুম ও স্নায়ুবিজ্ঞানীরা মেঘলা-বৃষ্টির দিনে ঘুমঘুম ভাব আসার কারণ এবং তা কাটানোর কার্যকর কৌশল তুলে ধরেছেন।

মেঘলা ও বৃষ্টির দিনে কেন এত ঘুম পায়?

বিশেষজ্ঞদের মতে, মেঘলা আকাশের কারণে সূর্যের উজ্জ্বল আলো কমে গেলে মস্তিস্ক অন্ধকার বা রাত নেমে এসেছে বলে ভুল সংকেত পায়। ফলে মস্তিস্কের ‘পিনিয়াল গ্রন্থি’ থেকে ঘুমের হরমোন ‘মেলাটোনিন’ স্বাভাবিকের চেয়ে বেশি নিঃসৃত হতে শুরু করে, যা শরীরে তীব্র তন্দ্রাচ্ছন্নতা ও ক্লান্তি তৈরি করে।

পাশাপাশি সূর্যের আলোর অভাবে মন ভালো রাখার হরমোন ‘সেরোটোনিন’ কমে যাওয়ায় কাজে অনীহা ও আলসেমি দেখা দেয়।

এছাড়া বৃষ্টির রিমঝিম শব্দ এক ধরনের ‘পিংক নয়েজ’ তৈরি করে, যা মস্তিস্ককে শান্ত করে ঘুমের দিকে ঠেলে দেয়।

বৃষ্টির দিনের আলসেমি ও ঘুমঘুম ভাব কাটানোর ৫ উপায়

ঘরের ভেতরের আলো বাড়িয়ে দেওয়া

বাইরে রোদ না থাকায় মস্তিস্কের মেলাটোনিন উৎপাদন কমাতে ঘরের বা অফিসের উজ্জ্বল সাদা আলো জ্বালিয়ে রাখা জরুরি। জানালার পর্দা সরিয়ে প্রাকৃতিক আলো যতটুকু সম্ভব ভেতরে আসতে দিতে হবে। উজ্জ্বল আলো চোখে পড়লে মস্তিস্ক সজাগ থাকার সংকেত পায়।

হালকা স্ট্রেচিং ও নড়াচড়া করা

বৃষ্টির দিনে দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলে রক্ত সঞ্চালন ধীর হয়ে ঘুম আরও বেশি পায়। প্রতি এক ঘণ্টা পর পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ৫ মিনিট হালকা স্ট্রেচিং, হাত-পা ছোড়া বা সিঁড়ি দিয়ে একবার ওঠানামা করলে শরীরে রক্ত প্রবাহ বেড়ে তাৎক্ষণিক চাঙা ভাব ফিরে আসে।

পর্যাপ্ত পানি পান ও ক্যাফেইনের পরিমিত ব্যবহার

ঠান্ডা ও ভেজা আবহাওয়ায় তৃষ্ণা কম লাগায় অনেকেই পানি পান কমিয়ে দেন। তবে সামান্য পানিশূন্যতাও ক্লান্তি ও মাথাব্যথা বাড়িয়ে দেয়।

তাই কাজের ফাঁকে নিয়মিত স্বাভাবিক বা কুসুম গরম পানি পান করতে হবে। ঘুম কাটাতে এক কাপ আদা-চা বা কালো কফি পান করা যেতে পারে। তবে বিকেল ৪টার পর অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ করলে রাতের ঘুম নষ্ট হতে পারে।

অতিরিক্ত ভাজাপোড়া ও ভারী খাবার এড়িয়ে চলা

বৃষ্টির দিনে খিচুড়ি বা অতিরিক্ত তেলে ভাজা খাবার খেতে বেশ লাগে। তবে ধরনের খাবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে তীব্র ঝিমুনি তৈরি করে।

এর বদলে প্রোটিনসমৃদ্ধ হালকা খাবার, বাদাম বা ফলমূল খেলে শরীর দীর্ঘক্ষণ কর্মক্ষম থাকে।

পছন্দের দ্রুত লয়ের সংগীত শোনা

মেঘলা দিনের বিষণ্ণতা ও আলসেমি কাটাতে কাজের ফাঁকে পছন্দের দ্রুত লয়ের গান বা বাদ্যযন্ত্রের সুর শুনলে মস্তিস্কে ডোপামিন ও সেরোটোনিন নিঃসরণ বাড়ে, যা মনকে প্রফুল্ল করে কাজের গতি ফিরিয়ে আনে।

পুরনো খবর:

সব সময় ক্লান্ত, অলস ও নির্জীব লাগার কারণ
সর্বক্ষণ শ্রান্ত লাগার শারীরিক নানান কারণ
সুখ অনুভব করার ছয় অভ্যাস
অতিরিক্ত কর্মব্যস্ততায় মানসিক ক্লান্তি দূর করার উপায়